নাঙ্গলকোটে ঘুষসহ সহকারী ভূমি কর্মকর্তা আটক

কুমিল্লার নাঙ্গলকোটে জসিম উদ্দিন ভুঁইয়া (৫০) নামে এক ভূমি কর্মকর্তা ঘুষসহ আটক হয়েছেন। 
 
রবিবার বিকালে ওই ভূমি কর্মকর্তাকে হাতেনাতে আটক করা হয়। আটক জসিম উদ্দিন উপজেলার আসারকোঠা ভূমি অফিসের সহকারী ভূমি কর্মকর্তা বলে জানা গেছে। 
 
সোমবার সকালে তাকে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হবে।
 
দুদক সূত্রে জানা গেছে, অভিযুক্ত ওই ভূমি কর্মকর্তাকে হাতেনাতে আটক করার পর থানা পুলিশে সোপর্দ করে তাঁর বিরুদ্ধে একটি মামলা দায়ের করেছেন কুমিল্লা দুর্নীতি দমন কমিশনের (দুদক) উপ-পরিচালক সৈয়দ মো.শহিদুল্লাহ।
 
নাঙ্গলকোট থানার ওসি মো. নজরুল ইসলাম পিপিএম এ ঘটনার সত্যতা স্বীকার করেন। 
 
অভিযুক্ত ওই ভূমি কর্মকর্তার বিরুদ্ধে মামলা হয়েছে বলে তিনি জানিয়েছেন।