ইংল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজের আগে একমাত্র প্রস্তুতি ম্যাচে বড় জয়ের স্বাদ পেলো সফরকারী নিউজিল্যান্ড। গ্র্যান্ট ইলিয়ট ও লুক রঞ্চির জোড়া সেঞ্চুরিতে লিস্টারশায়ারকে ১৯৮ রানের বিশাল ব্যবধানে হারিয়েছে ব্ল্যাক ক্যাপসরা। খবর বাসসের।
লিস্টারশায়ারের মাঠে টস জিতে প্রথমে ব্যাট করার সিদ্বান্ত নেয় নিউজিল্যান্ড। তবে ব্যাটসম্যানরা শুরুটা ভালো করতে পারেননি। ৩৫ রানের মধ্যে ২ উইকেট হারিয়ে চাপে পড়ে যায় কিউইরা। মার্টিন গাপটিল ৪ ও অধিনায়ক ব্রেন্ডন ম্যাককালাম ৯ রান করে ফেরেন।
এরপর চাপ কাটিয়ে দলকে ম্যাচে ফেরান কেন উইলিয়ামসন ও রস টেইলর। উইলিয়ামসন ৪৫ রানে ফিরে গেলেও, হাফ-সেঞ্চুরির স্বাদ নিয়েই আউট হন টেইলর। ৬২ বলে ৭৭ রান করে ফিরেন তিনি।
টেইলরের বিদায়ের পর দ্রুত প্যাভিলিয়নের পথ ধরেন মিচেল সান্তনার। ৪ রানের বেশি করতে পারেননি সান্তনার। তবে ষষ্ঠ উইকেটে জুটি বেঁধে দলের স্কোর ৫ উইকেটে ৩৭৩ রানের পাহাড়ে তুলে দিয়েছেন ইলিয়ট ও রঞ্চি। বিশ্বকাপের ফাইনালে ৮৩ রান করা ইলিয়ট পেয়েছেন সেঞ্চুরির স্বাদ। তিন অংকের কোঠা স্পর্শ করেছেন রঞ্চিও। শেষ পর্যন্ত ইলিয়ট ১২টি চার ও ২টি ছক্কায় ৭৯ বলে ১০৬ রানে এবং ১৩টি চার ও ২টি ছক্কায় ৭৬ বলে ১০৬ রানে অপরাজিত থাকেন।
জবাবে নিউজিল্যান্ডের বোলিং তোপে ১৭৫ রানেই গুটিয়ে যায় লিস্টাশায়ার। দলের পক্ষে সর্বোচ্চ ৬৭ রান আঙ্গুস রবসন। ৩১ রানে ৪ উইকেট নিয়ে কিউইদের সফল বোলার হন আইপিএলে মুম্বাই ইন্ডিয়ান্সের শিরোপা জয়ে দারুণ ভূমিকা রাখা পেসার মিচেল ম্যাকক্লেনাঘান।
আগামী ৯ জুন বার্মিংহামে পাঁচ ম্যাচ সিরিজের প্রথমটি ইংল্যান্ডের মুখোমুখি হবে নিউজিল্যান্ড। এর আগে দুই ম্যাচ টেস্ট সিরিজ ১-১ সমতায় শেষ করেছিলো ইংল্যান্ড ও নিউজিল্যান্ড।