বিএনপির ২৮ নেতার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা

নাশকতার দুটি মামলায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার রফিকুল ইসলাম মিয়া ও যুগ্ম মহাসচিব আমানউল্লাহ আমানসহ ২০ দলের ২৮ নেতাকর্মীর বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছে আদালত। অভিযোগপত্র গ্রহণের ধার্য দিনে আসামিরা আদালতে অনুপস্থিত থাকায় গতকাল রবিবার ঢাকা মহানগর দায়রা জজ কামরুল হোসেন মোল্লা বিস্ফোরক ও বিশেষ ক্ষমতা আইনের দুটি মামলায় এ গ্রেফতারি পরোয়ানা জারি করেন ।

 
চলতি বছরের ২৮ জানুয়ারি ২০ দলীয় জোটের ডাকা হরতাল-অবরোধ চলাকালে যাত্রীদের হত্যার উদ্দেশে ককটেল নিক্ষেপ, গাড়ি ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটানো হয়। এ ঘটনায় বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবীর রিজভীসহ ১০ জনের বিরুদ্ধে মিরপুর মডেল থানায় ওই দিনই মামলা দায়ের করেন থানার এএসআই খন্দকার রাজিব আহমেদ। গত ২৪ মার্চ মিরপুর মডেল থানার এসআই রফিকুল ইসলাম ৪২ জনকে আসামি করে দুটি অভিযোগপত্র দাখিল করেন। এর মধ্যে বর্তমানে কারাগারে আছেন বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা মোসাদ্দেক আলী এবং রিজভীসহ ১৪ জন।
 
রাষ্ট্রপক্ষের অতিরিক্ত কৌঁসুলি তাপস কুমার পাল বলেন, বিস্ফোরক ও বিশেষ ক্ষমতা আইনের দুই মামলায় অভিযোগপত্র গ্রহণ ও মামলা আমলে নেয়ার ধার্য দিনে আসামিরা হাজির না হওয়ায় বিচারক এ আদেশ দেন।
 

পরোয়ানাভুক্ত আসামিদের মধ্যে আছেন বিএনপির চেয়ারপার্সনের প্রেস সচিব মারুফ কামাল খান, বিশেষ সহকারি শামসুর রহমান খান শিমুল বিশ্বাস, জাতীয়তাবাদী যুবদলের সেক্রেটারি সাইফুল ইসলাম নিরব, ছাত্রদলের সাবেক সভাপতি সুলতান সালাউদ্দিন টুকু, আজিজুল বারী হেলাল, স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় সভাপতি হাবিবুর নবী খান সোহেল, যুবদলের ঢাকা মহানগর উত্তরের সভাপতি মামুন হাসান, স্বেচ্ছাসেবক দলের ঢাকা মহানগর উত্তরের আহ্বায়ক ইয়াছিন আলী ও জামায়াতের কেন্দ্রীয় নেতা ডা. শেখ শিবলী নোমানী।