রাবি ও দিল্লীর জামিয়া মিলিয়ার সমঝোতা স্বাক্ষরিত

পারস্পরিক শিক্ষা বিনিময় সহযোগিতা বৃদ্ধির লক্ষ্যে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) সাথে দিল্লির জামিয়া মিলিয়া ইসলামিয়ার একটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে। সোমবার দুপুরে রাবির জনসংযোগ দপ্তরের প্রশাসক অধ্যাপক ইলিয়াস হোসেন এ তথ্য জানান।
 
তিনি জানান, গত ৬ জুন প্রধানমন্ত্রীর কার্যালয়ে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির উপস্থিতিতে উভয় দেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের তত্ত্বাবধানে রাষ্ট্রীয় পর্যায়ে এ চুক্তি স্বাক্ষরিত হয়। রাবির পক্ষে উপাচার্য অধ্যাপক মুহম্মদ মিজানউদ্দিন এবং দিল্লির জামিয়া মিলিয়া ইসলামিয়ার পক্ষে উপাচার্য অধ্যাপক ড. তালাত আহমদ সমঝোতা স্মারকে স্বাক্ষর ও দলিল বিনিময় করেন।
 
এ সময় বাংলাদেশের পররাষ্ট্র সচিব মো. শহীদুল হক ও ভারতের পররাষ্ট্র সচিব এস জয়শঙ্কর উপস্থিত ছিলেন। এছাড়াও সেখানে ভারতীয় প্রধানমন্ত্রীর সফর সঙ্গীসহ বাংলাদেশের বিভিন্ন মন্ত্রণায়ের দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী ও ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
 
সমঝোতার আওতায় উভয় বিশ্ববিদ্যালয়ের পারস্পরিক সম্মতিতে রাবির শিক্ষক ও গবেষকগণ জামিয়া মিলিয়া ইসলামিয়ায় এবং জামিয়া মিলিয়া ইসলামিয়ার শিক্ষক ও গবেষকগণ রাবিতে গবেষণা কাজ করতে পারবেন। এছাড়াও শিক্ষার্থীদের জন্য উভয় বিশ্ববিদ্যালয় শিক্ষা বিনিময় প্রোগ্রামের আয়োজন করবে। প্রয়োজনবোধে উভয় বিশ্ববিদ্যালয়ের গবেষকগণ যৌথভাবে গবেষণা করতে পারবেন এবং সেমিনার-সিম্পোজিয়াম, ওয়ার্কশপ, শিক্ষা ভ্রমণ, প্রকাশনাসহ বিভিন্ন ধরনের শিক্ষা উন্নয়নমূলক কর্মকাণ্ড করতে পারবেন। এ চুক্তির আওতায় এক বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী এবং শিক্ষকগণ অন্য বিশ্ববিদ্যালয়ে ইন্টার্নশিপ এবং স্যাবাটিক্যাল গবেষণাও করতে পারবেন।