আইএস’র আরো এক সদস্য গ্রেফতার

ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)  বনানীর ডিওএইচএসের বাসা থেকে আন্তর্জাতিক সন্ত্রাসী সংগঠন আইএস’র আরো এক সদস্যকে গ্রেফতার করেছে।
 
সোমবার দুপুরে রাজধানীর মিন্টো রোডে ডিএমপি মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের যুগ্ম কমিশনার কৃষ্ণপদ রায় এ তথ্য জানান।
 
আটকের নাম ফিদা মুনতাসির সাকের। কৃষ্ণ পদ রায় বলেন, মুনতাসিরের বাসা থেকে তিনটি ল্যাপটপ, একটি কম্পিউটারের সিপিউ, তিনটি মোবাইল সেট, দুটি হার্ডডিস্ক ও একটি পাসপোর্ট ও ২১টি জিহাদী বই উদ্ধার করা হয়েছে।
 
তিনি বলেন, মুনতাসির সাকের বাংলাদেশের আইএস এর প্রতিনিধি হিসেবে কাজ করতেন। তিনি ইন্টারনেটের মাধ্যমে দেশের বিভিন্ন এলাকা থেকে কর্মী সংগ্রহ করে নিজের বাসায় প্রশিক্ষণ দিতেন।
 
জিজ্ঞাবাদে মুনতাসির জানায়, তার সহযোগী ১০ থেকে ১২ জন অজ্ঞাত নামা আনসারউল্লাহ বাংলাটিমের সদস্যদের সাথে গোপনে বৈঠক করতেন। তারা মধ্য প্রাচ্যের আন্তর্জাতিক সন্ত্রাসী সংগঠন আইএস’র সদস্য সংগ্রহ করতেন।
 
সে আনসার উল্লাহ বাংলাটিমের সক্রিয় সদস্য ছিল। ইতিপূর্বে সে হিজবুত তাহরীরের সদস্য ছিল, বর্তমানে আনসার উল্লাহ বাংলাটিমের সক্রিয় সদস্য ও জুনুদ আল তাওহীদ খিলাফাহ নামে আইএস’র আদলে বাংলাদেশে খিলাফত প্রতিষ্ঠার জন্য জিহাদী সংগঠন গড়ে তুলেছে।
 
এছাড়াও গোপনে অর্থ, অস্ত্র, ও কর্মী সংগ্রহ করে সন্ত্রাসী কর্মকান্ড পরিচালনার মাধ্যমে দেশের আইন-শৃঙ্খলার অবনতি দেশের গুরুত্বপূর্ণ ব্যক্তিদের টার্গেট করে হত্যা ইত্যাদির মাধ্যমে আইএস’র আদলে খিলাফত রাষ্ট্র প্রতিষ্ঠার সক্রিয় ভাবে দায়িত্ব পালন করে আসছে। তাদের সংগঠনের অনেক সদস্য বর্তমানে ঢাকাসহ দেশের বিভিন্ন অঞ্চলে তৎপর রয়েছে। তার বিরুদ্ধে আইন গত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
 
এর আগে গত ৩১ মে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি) ক্যান্টনমেন্ট থানার বারিধারা ডিওএইচএসের নিজ বাসা থেকে আন্তর্জাতিক সন্ত্রাসী সংগঠন আইএস’র অপর এক সদস্যকে গ্রেফতার করে।
 
তার কাছ থেকে একটি পাসপোর্ট, চারটি কম্পিউটার হার্ডডিস্ক, দুটি পোর্টেবল হার্ডডিস্ক, ১০টি সিডি, ‘মেড ইন পাকিস্তান’ লেখা একটি টুপি, একটি সিপিইউ, বিভিন্ন লেখকের জিহাদের উদ্বুদ্ধকরণ-সংক্রান্ত ৪৩টি বই ও তিনটি মাসিক পত্রিকা উদ্ধার করা হয়।
 
গ্রেফতারকৃত আবদুল্লাহ আল গালিব নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন আনসারুল্লাহ বাংলা টিমের সহ-সমন্বয়ক ছিলেন। ইতোপূর্বে তিনি হিজবুত তাহরীরও সদস্য ছিলেন। বর্তমানে তিনি আইএসআইএসের বাংলাদেশ প্রতিনিধি হিসেবে কাজ করছেন।
 
এর আগে গত ২৪ মে আন্তর্জাতিক সন্ত্রাসী সংগঠনের দুই আইএস সদস্যকে গ্রেফতার করা হয়।
 
গ্রেফতারকৃত আমিনুল ইসলাম বেগ (৩৫) ও সাকিব বিন কামাল (৩০) ইরাক ও সিরিয়া ভিত্তিক সশস্ত্র সংগঠন ইসলামিক স্টেটের (আইএস) সদস্য।
 
মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) একটি দল রাজধানীর উত্তরা পশ্চিম মডেল থানার ১৪ নম্বর সেক্টরের ১১ নম্বর রোডের একটি বাসা থেকে আমিনুলকে এবং মোহাম্মদপুর থানার লালমাটিয়া এলাকায় অভিযান চালিয়ে সাকিবকে গ্রেফতার করে।
 
গ্রেফতারকৃত মোঃ আমিনুল ইসলাম বেগ নিষিদ্ধ ঘোষিত ইসলামী জঙ্গি সংগঠন “জামাতুল মোজাহিদীন বাংলাদেশ” (জেএমবি)-এর আঞ্চলিক সমন্বয়ক হিসেবে দায়িত্ব পালন করে আসছিল এবং সাকিব বিন কামাল এ সংগঠনের সক্রিয় সদস্য।