৩৩তম বিসিএস: নন-ক্যাডারে ১৪৯ জনকে নিয়োগ

 
৩৩তম বিসিএস থেকে দ্বিতীয় শ্রেণির নন-ক্যাডার পদে ১৪৯ জনকে নিয়োগের সুপারিশ করেছে সরকারি কর্ম কমিশন (পিএসসি)। সোমবার (০৮ জুন) পিএসসি থেকে তাদের নিয়োগের সুপারিশ করা হয়। এ বিষয়ে পিএসসির জনসংযোগ কর্মকর্তা ডায়ানা ইসলাম সিমা ইত্তেফাককে জানান, ৩৩তম বিসিএসের লিখিত ও মৌখিক পরীক্ষায় উত্তীর্ণ কিন্তু পদ স্বল্পতায় ক্যাডার পদ এবং নন-ক্যাডার প্রথম শ্রেণির পদে সুপারিশকৃত নন, এমন প্রার্থীদের আবেদনের পরিপ্রেক্ষিতে দ্বিতীয় শ্রেণির নন-ক্যাডার পদে নিয়োগের সুপারিশ করা হয়।
 
নন-ক্যাডার পদে নিয়োগ (বিশেষ) বিধিমালা-২০১০ এবং গত বছরের ১৬ জুন জারিকৃত সংশোধিত বিধি অনুসারে তাদের বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগে নিয়োগ দেয়া হয়েছে। সুপারিশকৃতদের তালিকা পিএসসির ওয়েবসাইটে (www.bpsc.gov.bd) পাওয়া যাবে।
 
২০১৩ সালের ২১ নভেম্বর ৩৩তম বিসিএস পরীক্ষার চূড়ান্ত ফল প্রকাশ করার পর, ক্যাডার পদে বিভিন্ন পদে নিয়োগের সুপারিশ করা হয়। চার হাজার ২০৬টি শূন্য পদে নিয়োগ দিতে ২০১২ সালের ২৯ ফেব্রুয়ারি ৩৩তম বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশ করে পিএসসি। একই বছরের ১ জুন প্রিলিমিনারি পরীক্ষা শেষে ২০১২ সালের ডিসেম্বর মাসে লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হয়।