মির্জা ফখরুলকে বঙ্গবন্ধু মেডিক্যালে ভর্তি করানোর নির্দেশ

বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে চিকিত্সার জন্য বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে (বিএসএমএমইউ) ভর্তি করতে কারা কর্তৃপক্ষকে নির্দেশ দিয়েছে হাইকোর্ট।
 
ফখরুলের স্ত্রী রাহাত আরা বেগমের করা এক আবেদনের প্রাথমিক শুনানি শেষে বিচারপতি নাঈমা হায়দার ও বিচারপতি মো. ইকবাল কবিরের অবকাশকালীন ডিভিশণ বেঞ্চ মঙ্গলবার এ আদেশ দেন।
 
এছাড়া মির্জা ফখরুলকে চিকিত্সার জন্য বিএসএমএমইউতে ভর্তিতে ‘নিস্ক্রিয়তা’ কেন বেআইনি ঘোষণা করা হবে না তা জানতে চেয়ে রুল জারি করা হয়েছে।
 
স্বরাষ্ট্র সচিব, পুলিশের আইজি, আইজি প্রিজন, ঢাকা জেলা প্রশাসক, কাশিমপুর কারাগারের জেলার ও ডেপুটি জেলারকে চার সপ্তাহের মধ্যে রুলের জবাব দিতে বলা হয়েছে।
 
নাশকতার মামলায় গত ৭ জানুয়ারি মির্জা ফখরুলকে গ্রেফতার করা হয়। তিনি উচ্চ রক্তচাপ ও ডায়াবেটিসে ভুগছেন। এর আগেও তার একটি মাইনর হার্ট অ্যাটাক হয়েছে। একারণে তার সুচিকিত্সা প্রদানের নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট আবেদন দায়ের করা হয়।
 
আবেদনের পক্ষে ব্যারিস্টার এম মাহবুব উদ্দিন খোকন ও রাষ্ট্রপক্ষে অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম শুনানি করেন। শুনানি শেষে হাইকোর্ট ফখরুলকে বিশেষায়িত চিকিত্সা দেওয়ার জন্য সংশ্লিষ্ট হাসপাতালে ভর্তি করার নির্দেশ দেন।