তিস্তা চুক্তি না হওয়া সরকারের ব্যর্থতা: বিএনপি

 
ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বাংলাদেশ সফরে তিস্তা চুক্তি না হওয়া সরকারের ব্যর্থতা বলে দাবি করেছে বিএনপি। মঙ্গলবার নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে দলটির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ড. আসাদুজ্জামান রিপন এই মন্তব্য করেন।
 
আসাদুজ্জামান রিপন বলেন, তিস্তা চুক্তি না হওয়ায় বিএনপি আশাহত হয়েছে। এটি সরকারের ব্যর্থতা।
 
তিনি বলেন, নরেন্দ্র মোদীর দুই দিনের সফরে বাংলাদেশের সঙ্গে ২২টি চুক্তি হয়েছে। কিন্তু চুক্তিগুলো কী বিষয়ে হয়েছে বিএনপি ও জনগণ তা জানেন না। আশা করি সরকার চুক্তির বিষয়গুলো জনগণকে জানাবেন।
 
মিথ্যা মামলা দিয়ে বিএনপির নেতা-কর্মীদের কারাগারে আটকে রাখা হয়েছে দাবি করেন আসাদুজ্জামান রিপন। এসময় তিনি পবিত্র রমজানের আগে তাদের মুক্তির দাবি জানান।