জুরাইনে ছুরিকাঘাতে যুবকের মৃত্যু

 
রাজধানীর জুরাইনে ছিনতাইকারীদের ছুরিকাঘাতে আহত মামুন ফকির (২০) নামে এক যুবক মারা গেছেন। মঙ্গলবার সকাল ৮ টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিত্সাধীন অবস্থায়  তার মৃত্যু হয়।
 
কদমতলী থানা সূত্র জানায়, নিহত মামুন জুরাইন এলাকায় পিতলের বাসন তৈরীর একটি কারখানায় শ্রমিকের কাজ করতেন। সে জুরাইনের ১২৬৬/২ নম্বর কমিশনার গলির আব্দুল মজিদের বাসায় ভাড়া থাকতেন।
 
সোমবার রাত ১০ টার দিকে সে কারখানা থেকে বাসায় ফেরার পথে কুদার বাজার নামক স্থানে তিন ছিনতাইকারীর হামলার শিকার হন। এসময় ছিনতাইকারীরা তার পিঠে ছুরিকাঘাত করে তার কাছ থেকে মোবাইল ফোন ছিনিয়ে নেয়। পরে আশপাশের লোকজন তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে। এরপর মঙ্গলবার ভোরে মামুনের পরিবারের লোকজন তাকে বাসায় ফিরয়ে নিয়ে যায়। তার শারীরিক অবস্থার অবনতি হলে তাকে আবার ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়। সেখানে সকাল ৮ টার দিকে কর্তব্যরত চিকিত্ক মৃত ঘোষণা করেন। জানা গেছে, নিহত মামুনের বাবার নাম আব্দুর রাজ্জাক ফকির। তার গ্রামের বাড়ি শরিয়তপুর জেলার নরিয়ায়।