ফতুল্লার খান সাহেব ওসমান আলী স্টেডিয়ামে ঢুকলেই বোঝা যায়, কোনো এক অসমাপ্ত কর্মযজ্ঞের মধ্যে চলে এসেছি।
হাকাহাকি, ডাকাডাকি আছে। আছে বিলবোর্ড, বিজ্ঞাপনী বোর্ডগুলো যথাস্থানে বসানোর তোড়জোড়। অনেক কিছুই তখনও প্রস্তুত হতে বাকি। এমনকি আন্তর্জাতিক টেস্ট ম্যাচের সংবাদ সম্মেলনও হয়ে গেল শীতাতপ নিয়ন্ত্রণ যন্ত্রের উপস্থিতি ছাড়াই। এ নিয়ে একটু বিস্ময়ও প্রকাশ করলেন বাংলাদেশের অধিনায়ক। তবে জবাব পাওয়া গেলো– প্রস্তুত হচ্ছে সব। একটা জায়গায় প্রস্তুতির কোনো অভাব নেই– ক্রিকেটারদের। দু’দলেরই অধিনায়ক বলে গেলেন, তারা ‘ঐতিহাসিক’ এক ম্যাচ খেলতে ষোলো আনা প্রস্তুত।
হ্যাঁ, এক অর্থে ঐতিহাসিক টেস্টই আজ শুরু করছে ভারত ও বাংলাদেশ। এই টেস্টের ভেতর দিয়ে পাঁচ বছর পর দু’দল লড়বে ক্রিকেটের অভিজাত এই ফরম্যাটে। আর নয় বছর পর ফতুল্লায় ফিরবে টেস্ট ক্রিকেট। এসব মিলিয়ে আজ বাংলাদেশ সময় সকাল ১০টা থেকে শুরু হবে ভারত ও বাংলাদেশের এই সিরিজের একমাত্র টেস্টটি।
কাগজ-কলমের হিসাব বলছে, আপাতত শক্তির বিচারে টেস্ট ক্রিকেটে অন্তত ভারত বেশ এগিয়ে মুশফিকদের চেয়ে। র্যাংকিংয়ে বা পরিসংখ্যানে সেই স্বাক্ষরই পাওয়া যাবে। তবে ভারতের বিপক্ষে এই ম্যাচটি শুধু এসব রেকর্ড, পরিসংখ্যান বা র্যাংকিংয়ে হবে না। ভারতীয় অধিনায়ক বিরাট কোহলি নিজেই বার বার মনে করিয়ে দিলেন, বাংলাদেশ বিস্ময়করভাবে বদলে গেছে গত বছর দুই ধরে।
ওয়ানডেতে তো বটেই, নিউজিল্যান্ড-শ্রীলঙ্কা বা পাকিস্তানের বিপক্ষেও টেস্টে কতোটা বদলে যাওয়া পারফরম্যান্স বাংলাদেশ দেখিয়েছে, সে খবর কোহলি ভালোই রাখেন। আর সে জন্যই বলছেন, তারা সর্বোচ্চ লড়াই সহ্য করতে প্রস্তুত আছেন।
বিপরীতে বাংলাদেশের কোচ ও অধিনায়ক বলে গেলেন, শুধু খানিকটা সময় লড়াই করে থামতে চান না তারা। এই টেস্ট তারা জয়ের জন্য খেলতে নামবেন। মুশফিক পরিষ্কার করে বললেন, এবার তারা ক্রিকেট বিশ্বকে আসলে দেখিয়ে দিতে চান যে, বাংলাদেশ টেস্ট ক্রিকেটে আসলেই যোগ্য একটা দল।
এই চ্যালেঞ্জ ছুঁড়ে দেয়ার পথে নাকি বাধা হয়ে উঠতে পারে বা রহস্য হয়ে উঠতে পারে উইকেট।
একটু অবিশ্বাস্য শোনালেও নিজেদের মাঠের উইকেট বাংলাদেশ দলকেই রহস্যে রেখেছে। ফতুল্লার উইকেট দেখে বিস্মিত ও হতভম্ব বাংলাদেশের কোচ। এই উইকেট যে কী ভূমিকা রাখতে যাচ্ছে আগামী পাঁচ দিন, তার কিছুই বুঝে উঠতে পারছেন না দুনিয়ার নানা প্রান্ত দেখে ফেলা এই কোচ। উইকেটে হঠাত্ আলগা ঘাস তাদের উপকার করবে, নাকি সর্বনাশ করবে; তাও বুঝে উঠতে পারছেন না।
মোদ্দাকথা– উইকেটে একটা রহস্য নিয়েই টেস্ট শুরু করতে যাচ্ছে আজ বাংলাদেশ। স্বাগতিকদের যেখানে উইকেটের সবকিছু জানা থাকার কথা, তাদের সুবিধা নেয়ার কথা উইকেট থেকে; সেখানে স্বাগতিক দলই বুঝতে পারছে না উইকেট। ঘটনা সত্যি বলে জানিয়ে দিয়ে গেলেন অধিনায়ক মুশফিকুর রহিমও।
এমনিতে ফতুল্লার উইকেট রানপ্রসবিনী বলে বিখ্যাত। কিন্তু গতকাল বাংলাদেশ দল উইকেটে গিয়ে দেখতে পায় উইকেটের ওপরে আলগা ঘাস ছড়িয়ে রোল করা হয়েছে। এই ঘটনা ঠিক কী প্রভাব ফেলবে তা বুঝতে পারছেন না বাংলাদেশের প্রধান কোচ, ‘এই উইকেট বোঝা কঠিন, কারণ আগে কখনো এই ধরনের উইকেট আমি দেখিনি। উইকেটে অনেক কাটা ঘাস। এটা অস্বাভাবিক। কারণ সাধারণত উইকেটে অনেক ঘাস থাকে কিংবা একেবারেই থাকে না। এ ধরনের কাটা ঘাস টেস্টের উইকেটে আগে দেখিনি। আমার জন্য এই অভিজ্ঞতা নতুন। হয়তো অন্য আরও অনেকের জন্যও নতুন। বুঝতে পারছি না উইকেটের আচরণ কেমন হবে।’
তবে উইকেট যেমনই হোক, বাংলাদেশ গরম ও পরিস্থিতি বুঝে একাদশ সাজাতে চায়।
একাদশে একটা ব্যাপার পরিষ্কার হয়ে গেছে। ইনজুরিতে পড়া মাহমুদউল্লাহ রিয়াদের জায়গায় দলে ঢুকছেন লিটন দাস। এদিকে তিন পেসার তো দূরে থাক, প্রবল গরমের কথা ভেবে এক পেসারে নেমে আসার সম্ভাবনা বেশি বাংলাদেশের। এই গরমে পেসারদের টিকে থাকা কঠিন, ম্যাচে প্রভাবও থাকার কথা কম। এক পেসার খেলালে অভিজ্ঞতা বিবেচনায় রুবেল হোসেনের খেলার সম্ভাবনাই বেশি। পাকিস্তানের বিপক্ষে সবশেষ টেস্টে ২ ইনিংসে ৪ উইকেটে নেয়া মোহাম্মদ শহীদকে সেক্ষেত্রে থাকতে হবে বাইরে।
সাকিবের সঙ্গে থাকবেন লেগ স্পিনার জুবায়ের হোসেন, বাঁহাতি স্পিনার তাইজুল ইসলাম ও অফ স্পিনার শুভাগত হোম। আর দুই পেসার খেললে একাদশে জায়গা হবে জুবায়ের ও শুভাগত যে কোনো একজনের।