মালিবাগে মানব পাচারকারী চক্রের ১৬ সদস্য গ্রেফতার

রাজধানীর মালিবাগে একটি ট্রাভেল এজেন্সিতে গতকাল মঙ্গলবার রাতে অভিযান চালিয়ে মানবপাচারকারী চক্রের ১৬ সদস্যকে গ্রেফতার করেছে র্যাব। এসময় তাদের কাছ থেকে দুই হাজার ১৬০টি পাসপোর্ট জব্দ করা হয়। গ্রেফতারকৃতরা হলেন, আকতার হোসেন, তার ভাই মোহাম্মদ আলী, মাহবুবুর রহমান, ইসহাক খান, মনিরুল ইসলাম, কামাল হোসেন, আব্দুল্লাহ আল মাহমুদ, কাদির, আব্দুল মান্নান, রাজু আহমেদ, শহিদুল ইসলাম, সোহেল, হাফিজুল ইসলাম, রাজিয়া সুলতানা, আয়নাল হক ও নিয়ামত উল্লাহ। গত রাতে মালিবাগ চৌধুরী পাড়ার ৭০/বি, গোলাম রাব্বী ইন্টারন্যাশনাল অ্যান্ড ট্রাভেল এজেন্সিতে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।

 
র‌্যাব-৩ এর অপারেশন অফিসার ইয়াসিন আরাফাত জানান, ঐ এজেন্সির বেশ কিছু দালাল উন্নত জীবনের প্রলোভন দেখিয়ে নারী-পুরুষদের বিশ্বের বিভিন্ন দেশে পাচার করে আসছে। বিভিন্ন দেশে অবৈধভাবে পাচারের পর তাদের শারীরিক নির্যাতন ও অপহরণ করে বাংলাদেশ থেকে টাকা আদায় করে আসছে প্রতারক চক্রটি। এমনকি বিদেশে পাচারের পর নারীদের শারীরিক নির্যাতনের পাশাপাশি তাদের যৌন নির্যাতনও করা হচ্ছে। এমন অভিযোগের ভিত্তিতে গতকাল ঐ এজেন্সিতে অভিযান চালিয়ে ১৬ জনকে গ্রেফতার করা হয়।