এক সময়ের ঢাকাই সিনেমার জনপ্রিয় চিত্রনায়িকা রোজিনা। আশির দশকের জনপ্রিয় এই নায়িকা ঠোঁট মিলিয়েছেন অসংখ্য জনপ্রিয় গানে। সেই গানগুলোর মধ্য দিয়েই আবারও নতুনভাবে পর্দায় আসছেন তিনি।
মোট ছয়টি গান নিয়ে নির্মাণ হচ্ছে একটি বিশেষ অনুষ্ঠান। অনুষ্ঠানটি পরিকল্পনা ও পরিচালনা করেছেন রোজিনা নিজেই।
এসব গানের চিত্রায়ণে রোজিনার সঙ্গে অংশ নিয়েছেন চিত্রনায়ক ওমর সানি, অমিত হাসান ও জায়েদ খান। এর মধ্যে ‘রাজা সাহেব’ ছবির ‘ঢাকো যত না নয়ন তোমার’ এবং ‘মানসী’ ছবির ‘এই মন তোমাকে দিলাম’ গানে রোজিনার সঙ্গে দেখা যাবে ওমর সানিকে। অনুষ্ঠানটি প্রসঙ্গে রোজিনা বলেন, ‘যেহেতু আমি দেশের বাইরে থাকি তাই নিয়মিত কাজের সুযোগ পাই না। তবে যখন দেশে অনেকদিনের জন্য আসি তখন চেষ্টা করি কিছু কাজ করে যাবার। ছোটপর্দাতেও বেশকিছু কাজ করেছি। যেহেতু সামনে ঈদ, তাই এবার দেশে এসে এই পরিকল্পনাটি করলাম।’
ওমর সানি বলেন, ‘অনেকদিন পর রোজিনা আপার সাথে কাজ করলাম। আমাদের সিনেমার ইতিহাসে জনপ্রিয় একজন তিনি। একটি ছবিতে তার সাথে অভিনয়ের সুযোগ হয়েছিল। আবারও তার সাথে পর্দায় এসে ভালো লাগছে।’