বগুড়ায় প্রকাশ্য দিবালোকে জাহিদুর রহমান ওরফে জমজম (২৫) নামের যুবককে ছুরিকাঘাতে খুন করেছে দুর্বৃত্তরা। বুধবার সকাল সাড়ে ৯টার দিকে শহরতলীর ঝোপগাড়ি এলাকায় এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটে।
নিহত জাহিদুর রহমান ওরফে জমজম (২৫) বগুড়া সদরের শিকারপুর দক্ষিন পাড়া গ্রামের মৃত অজিবর রহমানের ছেলে। তিনি পেশায় একজন গ্রিল মিস্ত্রী ছিলেন।
স্থানীয়রা জানায়, জমজম তিনমাস আগে বগুড়া সদরের কর্নপুর গ্রামে বিয়ে করেন। বুধবার সকালে শ্বশুর বাড়ি থেকে বাইসাইকেল যোগে শিকারপুর নিজ গ্রামের বাড়িতে ফিরছিল। সকাল সাড়ে ৯টার দিকে ঝোপগাড়ি এলাকায় বিএড কলেজের কাছে জনৈক রসু খাঁ এর বাড়ির সামনে পৌঁছলে সেখানে আগে থেকে ওৎ পেতে থাকা একদল দুর্বৃত্ত পথ রোধ করে তার বুকে উপর্যুপরি ছুরিকাঘাত করে ফেলে রেখে যায়। স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে বগুড়া শহিদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে ভর্তি করে। সেখানে সকাল সাড়ে ১০টায় তার মৃত্যু হয়। পুলিশ লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মর্গে পাঠিয়েছে।
ঘটনাস্থল পরিদর্শনকারী পুলিশ কর্মকর্তা বগুড়া সদর থানার এসআই আসলাম আলী জানান, পুর্বশত্রুতার জের ধরে পরিকল্পিতভাবে জমজমকে খুন করা হয়েছে বলে প্রাথমিক ভাবে ধারনা করা হচ্ছে। এ ঘটনায় জড়িতদের গ্রেফতারের চেষ্টা চলছে।