আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ বলেছেন, বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার সাথে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর একান্ত আলাপ-চারিতা জাতি জানতে চায়।
বুধবার কুষ্টিয়া পৌরসভা অডিটরিয়ামে করদানে উদ্বুদ্ধকরণ বিষয়ক সেমিনারে যোগদানের পূর্বে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
তিনি বলেন, বিএনপি যেমন ভারতের সাথে স্বাক্ষর হওয়া চুক্তিগুলোর বিষয়ে বিস্তারিত জানতে চেয়েছে, তেমনি খালেদা জিয়ার সাথে নরেন্দ্র মোদীর একান্তে কি আলোচনা হয়েছে, সেটাও জাতি জানতে চায়। তাদের মধ্যেকার আলাপচারিতার বিষয়টি যদি খালেদা জিয়া খোলাসা করে বলেন তাহলে জাতি উপকৃত হবে।
‘তিস্তা চুক্তি না হওয়া সরকারের ব্যর্থ’ বিএনপির এমন দাবি জবাবে মাহবুব উল আলম হানিফ বলেন, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সফরে তিস্তা চুক্তি হবে না, সেটি সবাই জানে। অথচ বিএনপি বলছে, এ বিষয়ে জাতি হতাশ। নরেন্দ্র মোদির এই সফরে জাতি হতাশ নয়, উচ্ছ্বসিত। দু’দেশের সম্পর্ক আরও উন্নত হয়েছে।
তিনি বলেন, বেগম খালেদা জিয়া প্রধানমন্ত্রী থাকাকালীন সময়ে ভারত সফরে গিয়েছিলেন। তখন গঙ্গার পানি চুক্তির বিষয়ে আলোচনা করার কথা ছিল। কিন্তু তিনি গঙ্গার পানি চুক্তির বিষয়টি ভুলেই গিয়েছিলেন। সুতরাং যে দলের নেত্রী প্রধানমন্ত্রী থাকা অবস্থায় গুরুত্বপূর্ন এজেন্ডা নিয়ে আলোচনা করতে ভুলে যায় সে দলের নেতারা নরেন্দ্র মোদীর বাংলাদেশ সফরকে বির্তকিত করবে এটাই স্বাভাবিক।
এ সময় কুষ্টিয়ার জেলা প্রশাসক সৈয়দ বেলাল হোসেন, পুলিশ সুপার প্রলয় চিসিম, জেলা আওয়ামী লীগের সভাপতি সদর উদ্দিন খান, সাধারণ সম্পাদক আজগর আলী প্রমুখ উপস্থিত ছিলেন।