পুঁজিবাজারে সূচক লেনদেন বেড়েছে

পুঁজিবাজারে বুধবার সূচক বাড়ার পাশাপাশি লেনদেনও বেড়েছে। আইডিএলসির দৈনন্দিন বাজার বিশ্লেষণে বলা হয়েছে, দুইদিন দর সংশোধনের পর মার্কেটে স্বাভাবিক গতি হিসেবেই সূচক বেড়েছে। লেনদেনও একদিন পরই পাঁচশ কোটি টাকার উপরে উঠে এসেছে। লেনদেনের ক্ষেত্রে শীর্ষে ছিল জ্বালানি খাতের অবদান। আর দাম বাড়ার ক্ষেত্রে এগিয়ে ছিল সিমেন্ট খাত। এ খাতের কোম্পানিগুলোর শেয়ারদর বেড়েছে ৩ দশমিক ৩০ শতাংশ।
 
তথ্যে দেখা গেছে, বুধবার ডিএসই’র ব্রড ইনডেক্স (ডিএসইএক্স) ৪২ পয়েন্ট বেড়ে ৪ হাজার ৫৫৬ পয়েন্টে দাঁড়িয়েছে। ডিএস-৩০ মূল্য সূচক ২১ পয়েন্ট বেড়ে ১ হাজার ৭৫৯ পয়েন্টে দাঁড়িয়েছে। ডিএসইতে মোট লেনদেন হয়েছে ৫২১ কোটি ৮৮ লাখ টাকা। যা আগের দিনের চেয়ে ৫৪ কোটি ১৭ লাখ টাকা বেশি। লেনদেনকৃত ৩১৩টি কোম্পানির মধ্যে দাম বেড়েছে ১৯৮টির, কমেছে ৯০টির এবং অপরিবর্তিত রয়েছে ২৫টি কোম্পানির শেয়ারের। 
 
অপরদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক মূল্য সূচক আগের দিনের চেয়ে ৭৯ পয়েন্ট বেড়ে ১৪ হাজার ১৪ পয়েন্টে দাঁড়িয়েছে। লেনদেন হয়েছে ৪৫ কোটি ২৪ লাখ টাকা। যা আগের কার্যদিবসের চেয়ে ২০ কোটি টাকা কম। লেনদেনকৃত ২৪০টি কোম্পানির মধ্যে দাম বেড়েছে ১৩১টির কমেছে ৮০টির এবং অপরিবর্তিত রয়েছে ২৯টি কোম্পানির শেয়ারের।
 
ডিএসই জানিয়েছে, সম্প্রতি শেয়ারের অস্বাভাবিক দর বাড়ার পেছনে অপ্রকাশিত কোনো মূল্য সংবেদনশীল তথ্য নেই পুঁজিবাজারে তালিকাভুক্ত ইউনাইটেড এয়ারের। দর বাড়ার কারণ জানতে চেয়ে পাঠানো নোটিশের প্রেক্ষিতে কোম্পানি কর্তৃপক্ষ এ তথ্য জানিয়েছে। 
 
তথ্য পর্যালোচনায় দেখা গেছে, গত এক মাস ইউনাইটেড এয়ারের শেয়ারের দর টানা বাড়ছে। ৯ মে কোম্পানিটির শেয়ারের দর ছিল সাড়ে ৭ টাকা। এরপর টানা দর বেড়ে ৯ জুন কোম্পানির শেয়ারের দর ১১ দশমিক ২০ পয়সায় গিয়ে দাঁড়ায়।