‘নারীদের আরও নেতৃত্বে এগিয়ে যেতে হবে’

ব্যবসা বাণিজ্যের পাশাপাশি সবক্ষেত্রেই নারীদের আরও নেতৃত্বে এগিয়ে যেতে হবে উল্লেখ করে বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ বলেছেন, বাজেটে নারীদের জন্য থোক বরাদ্দ দেয়া হয়েছে। তাদের জন্য ব্যাংক ঋণে বিশেষ সুবিধা দেয়া হচ্ছে। আগামীতে বাংলাদেশ বিশ্বের ১১টি উদীয়মান অর্থনৈতিক শক্তিশালী দেশের মধ্যে চলে আসবে। এ জন্য নারীদের কার্যকর ভূমিকা রাখতে হবে।
 
বুধবার রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউট মিলনায়তনে উইমেন চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি (বিডব্লিউসিসিআই) ও গ্রামীণফোনের যৌথ উদ্যোগে নারীর অগ্রগতি সম্মাননা পুরস্কার প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। 
 
বাণিজ্যমন্ত্রী বলেন, ২০২১ সালের মধ্য আয়ের দেশে যেতে হলে নারীদের প্রযুক্তিগত জ্ঞানের ব্যবহার বাড়াতে হবে। তথ্যপ্রযুক্তিখাতের পাশাপাশি জাহাজশিল্প ও ওষুধশিল্পের ওপর বিশেষ গুরুত্ব দেয়া হচ্ছে। এ সব খাতে নারীদের অগ্রাধিকার দেয়া হবে। আগামীতে বাণিজ্যমেলায় স্টল বরাদ্দের ক্ষেত্রে নারী উদ্যোক্তাদের বিশেষ ছাড় দেয়া হবে বলেও বাণিজ্যমন্ত্রী জানান।
 
বাংলাদেশ উইমেন চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রিজ এর প্রেসিডেন্ট সেলিমা আহমাদের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন এফবিসিসিআই- এর প্রেসিডেন্ট আব্দুল মাতলুব আহমাদ, সম্মানিত অতিথি ছিলেন গ্রামীণফোন-এর চিফ কর্পোরেট অফিসার মাহমুদ হোসেইন।
 
আব্দুল মাতলুব আহমাদ বলেন, আগামীতে নারী উদ্যোক্তাদের নিয়ে একসঙ্গে কাজ করবে এফবিসিসিআই। সেইসাথে বিডব্লিউসিসিআইকে তাঁর সংগঠনের পক্ষ থেকে সর্বাত্মক সহযোগিতা প্রদানের অঙ্গিকার করেন তিনি।  
 
সেলিমা আহমাদ বলেন, বাংলাদেশের মোট জনসংখ্যার অর্ধেক নারী যারা বাংলাদেশের সার্বিক উন্নয়নে ব্যাপক অবদান রাখছে। তিনি বছরে কমপক্ষে ৫হাজার নারী উদ্যোক্তাদের আইসিটি প্রশিক্ষণ প্রদান করা ও ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলায় নারী উদ্যোক্তাদের স্টল বরাদ্দে ৫০% ছাড় প্রদানে বাণিজ্য মন্ত্রীর প্রতি দাবি জানান। 
 
বুধবার অনুষ্ঠানে সারা দেশের প্রায় ৫০০ নারী উদ্যোক্তাসহ নারীর উন্নয়নের সাথে সম্পর্কিত বিভিন্ন সংস্থার প্রতিনিধিরা অংশ নেন। এবছর দেশের ৭টি বিভাগ থেকে ৭ জন নারী উদ্যোক্তাকে “বিডব্লিউসিসিআই গ্রামীণফোন প্রগ্রেসিভ এ্যাওয়ার্ড ২০১৪” শীর্ষক  সম্মাননা দেয়া  হয়। 
 
সম্মাননা প্রাপ্তরা হলেন- বরিশাল বিভাগের মাকসুদা খাতুন, চট্টগ্রাম বিভাগের নূরুন নাহার নিকর, ঢাকা বিভাগের শাহিদা পারভীন, খুলনা বিভাগের কানিজ সুলতানা, রংপুর বিভাগের আসমা-উল -হুসনা, রাজশাহী বিভাগের মোছাম্মৎ হোসনা বেগম এবং সিলেট বিভাগের রেশমা শারমীন জুথি। 
 
এছাড়াও প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ার ২ জন প্রতিনিধি এ সম্মাননা অর্জন করেন, তারা হলেন যমুনা টেলিভিশনের  ষ্টাফ রিপোর্টার সীমা ভৌমিক এবং দ্যা ফিন্যান্সিয়াল এক্সপ্রেস এর স্টাফ রিপোর্টার কামরুন নাহার। সম্মাননা হিসেবে প্রত্যেককে একটি ক্রেস্ট, সার্টিফিকেট এবং ২৫ হাজার টাকার চেক প্রদান করা হয়।