এখনও জয়ের জন্যই খেলছি: হাতুরুসিংহে

চান্দিকা হাতুরুসিংহের জন্য একটা ঝড় যে অপেক্ষা করছে, সেটা বোঝাই যাচ্ছিল। কেন এক পেসার, কেন আট ব্যাটসম্যান, কেন রুবেল নেই; অনেক প্রশ্ন। 
 
জাতীয় দলের প্রধাণ কোচ বুধবার সংবাদ সম্মেলনে সব প্রশ্নের তার মতো করে উত্তর দিয়ে গেলেন। বলতে চাইলেন, এখনও তিনি জয়ের আশাই করছেন ফতুল্লা টেস্টে।
 
এক পেসার নিয়ে খেলার মানে কী, বাংলাদেশ পেছন দিকে হাটছে?
আমি আপনার সঙ্গে একমত নই। আমরা উন্নতি করছি। আমি ফলাফল থেকেই দেখছি, উন্নতি করছি। আমরা এই মুহূর্তে ইনজুরির কারণে কিছুটা বাধাগ্রস্ত আছি, তাই এমন মনে হচ্ছে। আমরা অনেকভাবেই উন্নতি করছি। আমরা কন্ডিশনের কারণেই একটা ফাস্ট বোলার খেলাচ্ছি। 
 
ভারত তিন পেসার নিয়ে খেলছে এই উইকেটে?
তারা তাদের শক্তি অনুযায়ী খেলছে, আমরা আমাদের শক্তি অনুযায়ী। আমার মনে হয়, দু’ দলের একটা করে ইনিংস শেষ না হওয়া পর্যন্ত এ নিয়ে মন্তব্য করা কঠিন। উইকেট কী আচরণ করে এবং আমরা কী করি, দেখা যাক। 
 
আবহাওয়া কী খুব প্রভাব ফেলবে এই টেস্টে?
আবহাওয়া একটা ব্যাপার হতে পারে। সময় নষ্ট হলে, সেটা খারাপ হবে। আমরা ফলাফলের জন্য চাপ দিতে চাই। 
 
রুবেলকে একাদশে না রাখার কারণটা কী?
রুবেল একটা ইনজুরি থেকে উঠেছে। ও এখনও শতভাগ ফিট নয়। আমরা ভেবেছি, এই ধরণের ফ্লাট উইকেটে রুবেল যদি বল করে, তাতে ওর ইনজুরি ফিরে আসতে পারে। ও ইনজুরি থেকে ফিরে এখনও কিন্তু ম্যাচ খেলেনি। 
 
একাদশ নির্বাচনটা ঠিক আছে বলে মনে করছেন?
আমরা এই উইকেটে যেটা সেরা দল মনে করেছি, সেটা মাঠে নামিয়েছি; আমাদের শক্তি মাথায় রেখেছি। আমরা যথেষ্ট সুযোগ তৈরি করেছি। দুর্ভাগ্যজনকভাবে ফলটা আমরা পাইনি এখনও। আমরা সুযোগগুলো সব নিতে পারলে দিনের গল্পটা অন্যরকম হতে পারত। 
 
ভারতের ব্যাটসম্যানরা স্পিন খেলার জন্য বিখ্যাত। তাদের বিপক্ষে বাড়তি স্পিনার রাখার কারণ কি ছিলো?
আমরা কন্ডিশনের কারণে বেশি স্পিনার খেলিয়েছি। অফস্পিনারদের বাড়তি সুযোগ দিতে চেয়েছি। গত কয়েকটা সিরিজে ভারতের খেলা দেখলে দেখবেন, ওদের বিপক্ষে অফস্পিনাররা সফল হয়েছে। 
 
রুবেলকে ভারতীয়দের ভালো খেলতে না পারারও একটা ইতিহাস আছে। 
আমরা ভারতের শক্তি তো নিয়ন্ত্রণ করতে পারি না। আমরা আমাদেরটা ভাবতে পারি। আমরা রুবেলকে ওয়ানডে সিরিজের জন্য রেখে দিয়েছি। আমাদের জন্য ওয়ানডে সিরিজটা খুব গুরুত্বপূর্ণ। আমরা একটা ম্যাচও জিততে পারলে আমরা চ্যাম্পিয়নস ট্রফি খেলতে পারব। রুবেলের ইনজুরি নিয়ে কোনো ঝুঁকি নিতে চাই না। 
 
উইকেট কেমন দেখলেন?
আমার দেখা জীবনের অন্যতম ফ্লাট উইকেট এটা। এর আশেপাশে আমি খুলনার উইকেটটা দেখেছি। 
 
 
উইকেট কী এমনই চেয়েছিলেন?
উইকেটে সবসময় আমাদের নিয়ন্ত্রণ থাকে না। আর বছরের এই সময়ে এখানে কিউরেটরদেরও এর চেয়ে বেশি কিছু করা কঠিন। 
 
আপনি বলেছিলেন, টেস্ট জয়ের জন্য খেলতে চান। এখনও কী সেটাই চান?
আমরা এখনও জিততেই চাই। আমরা জয়ের জন্যই খেলছি। আমি তো শরীরি ভাষায় ভিন্ন কিছু দেখছি না। হ্যা, ওরা স্কোরবোর্ডে বিনা উইকেটে ২৩৯ রান তুলে ফেলেছে। তবে সময় যেতে দিন। ক্রিকেটে এতো তাড়াতাড়ি কিছু বলা যায় না। 
 
আসলে খেলাটা ওদের নিয়ন্ত্রণে গেল কোন মুহুর্তে?
এই ধরণের উইকেটে টস জেতাটা একটা বড় ব্যাপার। ওরা সেটা জিতেছে এবং সুযোগটা কাজে লাগিয়েছে। 
 
জুবায়ের কী প্রথম দিনে একটু হতাশ করেছে?
জুবায়ের ভালো বল করেছে। ও সুযোগ তৈরি করেছে, ভাল বল করেছে।