স্প্যানিশ জায়ান্ট বার্সেলোনার সাথে বর্তমান চুক্তির মেয়াদ আগামী ২০১৭ সালের জুন পর্যন্ত নবায়ন করার সিদ্ধান্ত নিয়েছেন বর্তমান কোচ লুইস এনরিকে। নিজের দায়িত্বের প্রথম বছরেই বার্সাকে ঐতিহাসিক ট্রেবল জয়ে সহযোগিতা করায় ক্লাব কর্তৃপক্ষও তার ওপর দারুণ সন্তুষ্ট।
এক সংবাদ সম্মেলনে বার্সেলোনা সভাপতি জোসেপ মারিয়া বার্তামেও বিষয়টি নিশ্চিত করে বলেছেন, ‘আমরা সিদ্ধান্ত নিয়েছি লুইস এনরিকের সাথে চুক্তি ২০১৭ পর্যন্ত নবায়ন করবো। অর্থাৎ আরো দুই বছর আমরা এনরিকেকে দলের সাথে পাচ্ছি।’
এই নিয়ে দ্বিতীয়বারের মত কাতালান জায়ান্টরা এক মৌসুমে ইউরোপিয়ান, স্প্যানিশ লীগ ও কাপ শিরোপা জয়ের কৃতিত্ব দেখাল যা ক্লাব ইতিহাসে একটি রেকর্ড। এর আগে ২০০৮-০৯ মৌসুমে পেপ গার্দিওলার অধীনে প্রথমবারের মত ট্রেবল জয় করেছিল বার্সেলোনা। এক বিবৃতিতে বার্তামেও বলেছেন, এনরিকের সাথে চুক্তিটি অন্য কোনভাবে হয়নি বলে আমরা খুশী। এক বছর ধরে আমরা বিভিন্ন সমস্যার মধ্যে থাকলেও দলের ফলাফলে তার প্রভাব পড়েনি। এজন্য আমরা আশাতীত খুশী। আশা করছি আগামী বছর অন্য নতুন কোন শিরোপা জিততে পারবো।
এর আগে বার্সেলোনার সাথে চুক্তি ২০১৬ সাল পর্যন্ত থাকলেও এনরিকে প্রায়ই ক্লাবে নিজের ভবিষ্যৎ নিয়ে শঙ্কা প্রকাশ করেছেন। শনিবার জুভেন্টাসকে ফাইনালে ৩-১ গোলে পরাজিত করে চ্যাম্পিয়নস লীগের শিরোপা জেতার পরে তিনি বলেছিলেন, সত্যি কথা হচ্ছে আমি নিজেই জানি না আগামী মৌসুমে আদৌ দলের সাথে থাকবো কিনা। মৌসুম এখনো শেষ হয়নি। আমাদের সামনে লম্বা একটি রাত পড়ে আছে।
ফাইনালের পরে এনরিকে আরো বলেছিলেন বার্সেলোনার শিরোপা ক্ষুধা এখনো শেষ হয়ে যায়নি। প্রথম দল হিসেবে চ্যাম্পিয়নস লীগে টানা দুইবার শিরোপা জয়ের স্বপ্ন তিনি এখন জোরেশোরেই দেখা শুরু করেছেন।