মার্কিন যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত মার্শা বার্নিকাট বলেছেন, বাংলাদেশ শিশুদের স্বাস্থ্য ও সমাজে শিক্ষার স্তর উন্নয়নে ব্যাপক সফলতা অর্জন করেছে। তার ওপর ভিত্তি করে বাংলাদেশে গড়ে উঠেছে যুক্তরাষ্ট্রের কৃষি মন্ত্রণালয়ের (ইউএসডিএ) ম্যাকগভার্ন-ডোল আন্তর্জাতিক শিশুপুষ্টি ও শিক্ষার জন্য খাদ্য কর্মসূচি। এ বিষয়ে বাংলাদেশ সরকারের প্রশংসনীয় প্রচেষ্টাকে এগিয়ে নিতে পেরে আমরা আনন্দিত।
গত এক দশক ধরে যুক্তরাষ্ট্রের কৃষি মন্ত্রণালয়ের ম্যাকগভার্ন-ডোল প্রোগ্রাম বিশ্ব খাদ্য কর্মসূচির সাথে অংশীদার হয়ে বাংলাদেশে ৩ লক্ষ ৫০ হাজার স্কুল শিক্ষার্থীর প্রতিদিনের নাশতা বিতরণ করে আসছে, যা মৌলিক পুষ্টিবৃদ্ধি ও সন্তানদের স্কুলে পড়াশোনা চালিয়ে যাওয়ার জন্য অভিভাবকদের উদ্বুদ্ধ করেছে। বুধবার গাইবান্ধার ফুলছড়ি উপজেলার ১নং কঞ্চিপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে আয়োজিত অনুষ্ঠানে গাইবান্ধার ১ লক্ষ ৩০ হাজার প্রাথমিক শিক্ষার্থীর জন্য পুষ্টিকর বিস্কুট তৈরি করতে ইউএসডিএ ম্যাকগভার্ন-ডোল কর্মসূচির তরফ থেকে দেয়া ৯ হাজার ৭৪০ টন গম বিশ্ব খাদ্য কর্মসূচির কর্মকর্তাদের কাছে আনুষ্ঠানিকভাবে হস্তান্তর অনুষ্ঠানে মার্কিন যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত মার্শা স্টিভেন্স ব্লুম বার্নিকাট এ কথা বলেন।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন যুক্তরাষ্ট্রের কৃষি মন্ত্রণালয়ের মিনিস্টার-কাউন্সিলর স্কট সিন্ডেলার, বিশ্ব খাদ্য কর্মসূচির প্রতিনিধি ক্রিস্টা রাডার, পুলিশ সুপার আশরাফুল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আবু বক্কর সিদ্দিক, জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা একেএম আমিরুল ইসলাম, বেসরকারি উন্নয়ন সংস্থা আরডিআরএসের মঞ্জুশ্রী সাহা প্রমুখ।
এর আগে সকালে রাষ্ট্রদূত সি-প্লেনে গাইবান্ধার ফুলছড়ি উপজেলার ব্রহ্মপুত্র নদের বালাসী ঘাটে অবতরণ করে প্রথমে তিনি কঞ্চিপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে জাতিসংঘের বিশ্ব খাদ্য কর্মসূচির আওতায় স্কুল খাদ্য প্রকল্প পরিদর্শন করেন।