সমাজের সুবিধা বঞ্চিত ও পিছিয়ে পড়া জনগোষ্ঠীকে আর্থিক সেবার অন্তর্ভুক্তিতে কাজ করে যাচ্ছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আতিউর রহমান। নিচ্ছেন নানামুখী উদ্যোগ। তারই অংশ হিসাবে বিভিন্ন শ্রেণি পেশা ও সুবিধা বঞ্চিতদের আর্থিক সেবায় অন্তর্ভুক্ত করা হচ্ছে। গভর্নর চান সমাজের পিছিয়ে পড়া ও সুবিধা বঞ্চিতরা ব্যাংকিং সেবা তথা আর্থিক সেবা পাওয়ার মাধ্যমে মূল ধরার অর্থনীতির সঙ্গে যুক্ত হোক। আর সেটা করা গেলে দেশের অর্থনীতিও একটা মজবুত ভিতের উপর দাঁড়াতে সক্ষম হবে।
এরই অংশ হিসাবে হিজড়া, প্রতিবন্ধী, সমাজের সুবিধা বঞ্চিত এবং রাখানইনসহ সকল উপজাতীয় নারী উদ্যোক্তাদের ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান থেকে এসএমই (ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তা) ঋণ দেয়ার ব্যবস্থা করা হয়েছে। আর্থিক সেবার সুফল প্রান্তিক পর্যায়ের উদ্যোক্তাদের মাঝে পৌঁছাতে এ উদ্যোগ নিয়েছে কেন্দ্রীয় ব্যাংক। গতকাল বুধবার বাংলাদেশ ব্যাংকের এসএমই অ্যান্ড স্পেশাল প্রোগ্রাম বিভাগ থেকে এ বিষয়ে একটি প্রজ্ঞাপন জারি করা হয়েছে।
দেশের সকল তফসিলী ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের প্রধানদের কাছে পাঠানো এই প্রজ্ঞাপনে তৃতীয় লিঙ্গ হিসেবে রাষ্ট্রীয় স্বীকৃতিপ্রাপ্ত সম্প্রদায় (হিজড়া), প্রতিবন্ধী, দেশের সুবিধা বঞ্চিত নারী উদ্যোক্তা এবং রাখাইনসহ সকল উপজাতি উদ্যোক্তাদের এসএমই খাতের আওতায় ঋণ বিতরণের কার্যকরী ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেয়া হয়েছে। বাংলাদেশ ব্যাংকের এসএমই ঋণ নীতিমালা ও কর্মসূচির আওতায় সরাসরি অথবা এনজিও লিংকেজের মাধ্যমে গ্রাহক পর্যায়ে এ ঋণ বিতরণ করা যাবে।
প্রজ্ঞাপনে আরো উল্লেখ করা হয়েছে, বাংলাদেশ ব্যাংকের ‘এসএমই অ্যান্ড স্পেশাল প্রোগ্রাম বিভাগ’ পরিচালিত বাংলাদেশ ব্যাংক ফান্ড, নতুন উদ্যোক্তা তহবিল, ইসলামী পুনঃঅর্থায়ন তহবিলের আওতায় পুনঃঅর্থায়ন যোগ্য ঋণ হিসাবে ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান তা উদ্যোক্তাদের মাঝে বিতরণ করতে পারবে।