বিদেশ ফেরত যুবককে অপহরণ, ডিবি পুলিশসহ আটক ৬

বিদেশ ফেরত এক  যুবককে কৌশলে অপহরণ করে মুক্তিপণ দাবি করার অভিযোগে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের এক কনস্টেবল ও ৩ যুবতীসহ অপহরণ চক্রের ৬ সদস্যকে আটক করেছে জেলা গোয়েন্দা পুলিশ। গতকাল বুধবার বিকালে গোয়েন্দা পুলিশ শহরের খান্দার এলাকার একটি গ্যারেজ থেকে তাদের আটক এবং ঘটনার শিকার  সিঙ্গাপুর প্রবাসী যুবক আনোয়ার হোসেন ওরফে শুভকে (২৯) উদ্ধার করে।

 
গ্রেফতারকৃতরা হচ্ছে বগুড়া সদরের মালগ্রামের আবু বকর সিদ্দিকের ছেলে আশরাফুল আলম (২৯), শহরের খান্দার এলাকার শাহাদত্ হোসেনের ছেলে সাখাওয়াত হোসেন পলাশ (৪১), জেলার গাবতলী উপজেলার বালুয়াহাট গ্রামের মৃত রোস্তম আলীর মেয়ে মোছাম্মত্ নদী খাতুন (২৪), সারিয়াকান্দি উপজেলার ধলিরকান্দি গ্রামের আব্দুর করিমের স্ত্রী শিউলী বেগম (২৯), রংপুর জেলার গঙ্গাচড়া উপজেলার সত্বাজার বেঙ্গলহাট এলাকার রফিকুল ইসলামের মেয়ে রত্না খাতুন (১৯) এবং বগুড়া জেলা ডিবি পুলিশের গাড়ি চালক  পুলিশ কনস্টেবল (কং ১১৪২) রুহুল আমিন (৩৫)।
 
ঘটনার শিকার আনোয়ার হোসেন ওরফে শুভ সম্প্রতি দেশে আসেন। দেশে ফেরার পর নদী নামের এক যুবতীর সাথে মোবাইল ফোনে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। বুধবার সকালে শুভ তার ভগ্নিপতির সাথে একটি মোটর সাইকেল কেনার জন্য বগুড়ায় আসেন। বেলা ১১টার দিকে নদী মোবাইলের মাধ্যমে কথার সূত্রে জানতে পারে শুভ বগুড়ায়। তখন সে শুভকে স্থানীয় পৌরপার্কে দেখা করার অনুরোধ জানায়। পৌরপার্কে মিলিত হবার পর নদী কৌশলে শুভকে বেড়াতে যাবার নাম করে শহরের খান্দার এলাকায় সাখাওয়াত হোসেন পলাশের গ্যারেজে নিয়ে যায়। সেখানে পলাশসহ আরো ২ যুবক এবং  নদীসহ গ্রেফতারকৃত অপর দুজন নারী শুভকে আটকে রেখে এক লাখ টাকা মুক্তিপণ দাবি করে। এ সময় ডিবি পুলিশ রুহুল আমিনও তাদের সঙ্গে যোগদেয়।
 
এদিকে গোয়েন্দা পুলিশের পক্ষ থেকে মামলায় রুহুল আমিনের নাম বাদ দেয়ার জন্য চেষ্টা চলছে বলে সংশ্লিষ্ট সূত্র দাবি করেছে।
 
জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিরুল ইসলাম জানান, এ ঘটনায় ৩ যুবতীসহ ৫ জনকে আটক করা হয়েছে। এছাড়াও ডিবিতে কর্মরত কনস্টেবল রুহুল আমিনকে আটকের সত্যতা স্বীকার করে তিনি জানান, তার সেখানে অবস্থানের বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।
 

এদিকে বগুড়ার পুলিশ সুপার (চলতি দায়িত্ব) পালনকারী জেলার অতিরিক্ত পুলিশ সুপার সায়ফুজ্জামান ফারুকি জানান, পুলিশ সুপার ঢাকায় গেছেন । ঘটনাটি তদন্ত করে তাকে জানানোর পর রুহুল আমিনের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।