বাংলাদেশের বিশ্বকাপ ফুটবল শুরু আজ

২০১৮ রাশিয়ায় বিশ্বকাপ ফুটবল অনুষ্ঠিত হবে। বাছাই পর্বের খেলা শুরু হচ্ছে বাংলাদেশের বিশ্বকাপ ফুটবল আজ শুরু হচ্ছে। ঘরের মাঠে বাংলাদেশের প্রতিপক্ষ কিরগিজস্তান। কিরগিজস্তান ছাড়াও বাছাইয়ে রয়েছে তাজিকিস্তান, জর্ডান, অস্ট্রেলিয়া। এই চার দলের বিরুদ্ধে হোম এন্ড অ্যাওয়ে ম্যাচ খেলবে আটটি। বাংলাদেশ এই লড়াইয়ে টিকবে কিনা সেটা যে কোনো ফুটবল দর্শক বুঝেন। রাশিয়া বিশ্বকাপ ফুটবলের বাছাই পর্বের খেলাগুলোর রেজাল্ট এশিয়ান কাপ ফুটবলের বাছাই পর্বেও গণ্য করা হবে। রাশিয়া বিশ্বকাপ বাছাইয়ে না টিকলেও সুযোগ আছে বাংলাদেশের। ২০১৯ সালে আরব আমিরাতে এশিয়ান কাপ ফুটবলের চূড়ান্ত পর্বে খেলার টিকিট পাওয়া যেতে পারে। বাংলাদেশ রাশিয়া বিশ্বকাপ ফুটবলের চূড়ান্ত বাছাইয়ের টার্গেট করেনি। আরব আমিরাতে যে খেলাটি হবে সেখানে যাওয়া টিকিট পেতে মরিয়া বাংলাদেশ। পাঁচ দেশের যে লড়াই হবে সেখানে ভালো করতে পারলে সামনে আরো ম্যাচ খেলার সুযোগ পাবে বাংলাদেশ। সেই দূরের কথাটি সরিয়ে রেখে এখন বাংলাদেশ ভাবছে ঘরের দুয়ারে দাঁড়ানো দুই ম্যাচ নিয়ে। আজ কিরগিজস্তানের বিরুদ্ধে ম্যাচ এবং ১৬ জুন তাজিকিস্তানের বিরুদ্ধে ম্যাচ। এই দুটি ম্যাচের উপর নির্ভর করছে বাংলাদেশ পরবর্তী ম্যাচগুলোতে কি করবে। লক্ষ্যটা কী হবে। বাংলাদেশ কি এশিয়ান কাপে টিকবে নাকি টিকে থাকার জন্য আরো বড় কোনো পদক্ষেপ গ্রহণ করতে হবে।

 
অনেক কিছুই নির্ভর করছে ম্যাচ দুটিতে। এক কথায় বাংলাদেশের ফুটবলের ভাগ্য নির্ভর করছে এই ম্যাচগুলোতে। বাফুফের সভাপতি কাজী সালাহউদ্দিন তাকিয়ে আছেন মামুনুলদের পারফরম্যান্সের উপর। তারা যদি রেজাল্ট এনে দিতে পারেন তাহলে সালাহউদ্দিনও পৃষ্ঠপোষকদের দুয়ারে গিয়ে দাঁড়াতে পারবেন। বাফুফের কাছেই রাশিয়া বিশ্বকাপ ফুটবল এশিয়ান কাপ ফুটবলের বাছাই ম্যাচগুলো অনেক স্বপ্নের ম্যাচ। অনেক পরিকল্পনার ম্যাচ। ফুটবলের রোড ম্যাপটা কেমন হবে তা নিয়েও একটা জাল বুনছেন বাফুফের সভাপতি। ডাচ কোচ জার্মান গোলকিপার কোচসহ যখন যা প্রয়োজন সীমিত সামর্থ্যের মধ্যে খেলোয়াড়দের তা দেয়ার চেষ্টা করা হয়েছে। একের পর এক আন্তর্জাতিক প্রীতি ম্যাচ খেলার আয়োজন করা হয়েছে। নেপাল, শ্রীলংকা, জাপান, কোরিয়া, সিঙ্গাপুর, আফগানিস্তান বাংলাদেশের মাঠে খেলে গেছে। ঢাকা, সিলেট, যশোর, রাজশাহী সব পরিবেশে আন্তর্জাতিক ম্যাচ খেলনোর ব্যবস্থা করা হয়েছে খেলোয়াড়দের জন্য। বাংলাদেশের বর্তমান ফুটবলাররা যেভাবে ঘন ঘন আন্তর্জাতিক ম্যাচ খেলেছেন সেই হিসাবে গত ১১ মাসে আন্তর্জাতিক ম্যাচ খেলেনি আজকের কিরগিজস্তান ফুটবল দল। তারপরও বাংলাদেশের চেয়ে কিরগিজ ফুটবল দল অনেক ভাবে এগিয়ে। কারণ তাদের শারীরিক সামর্থ্য, স্কিল এবং সবচেয়ে বড় শক্তি হচ্ছে ঢাকায় আসা কিরগিজ ফুটবলাররা বেশির ভাগই বিভিন্ন দেশের লিগে খেলে বেড়াচ্ছেন। কেউ জার্মানিতে, কেউ রাশিয়াসহ অন্যান্য দেশে খেলছেন। এই তিনটি জিনিস ভেবে দেখলে চোখের সামনে ভেসে উঠবে মামুনুলদের ফুটবল পারফরম্যান্সের ক্যানভাসটা কতখানি উজ্জ্বলতা ছড়ায়। ক’দিন আগে সিঙ্গাপুর ও আফগানিস্তানকে বাগে পেয়েও জিততে না পারার ব্যর্থতা এখনও সবার মুখে মুখে। ম্যাচে যেসব ভুল করে জয় হাতছাড়া করেছেন তা অনেকের কাছেই রোগ বলে মনে হচ্ছে। এই দুটি ম্যাচ গোল করে এগিয়ে থেকেও ম্যাচ জিততে পারেনি। ঘরের মাঠে এমন ব্যর্থতায় মামুনুল এমিলি, নাসির, সোহেল রানাদের পারফরম্যান্স নিয়ে প্রশ্ন উঠতে পারে। আস্থার জায়গাটায় মরচে পড়তেই পারে। খেলোয়াড়রা কথা দিচ্ছেন এমনটি হবে না যা হয়েছে সিঙ্গাপুর আর আফগানিস্তানের বিরুদ্ধে। এখন প্রস্তুতি নিয়েও আছে সন্তুষ্টি। সেটা প্রমাণ করবে আজকের ম্যাচ।
 
রাশিয়া বিশ্বকাপ ফুটবলের বাছাইয়ে বাংলাদেশের অভিযান শুরু হচ্ছে আজ। কাঁটা বেছানো কঠিন পথ কতটা পার হতে পারবে সেটা এখনই বলা যাবে না। তবে বাফুফের সভাপতি কাজী সালাহউদ্দিন বললেন, ‘আমি এশিয়ান কাপ ফুটবলের চূড়ান্ত পর্বের কথা ভাবছি।’
 

বঙ্গবন্ধু স্টেডিয়ামে ম্যাচ শুরু বিকাল ৫টা।