লাতিন আমেরিকান শ্রেষ্ঠত্বের লড়াই শুরু

সময়ের সেরা ফুটবলার লিওনেল মেসি গত বছর ব্রাজিল বিশ্বকাপে জাতীয় দল আর্জেন্টিনার হয়ে আশানুরূপ নৈপুণ্য দেখাতে না পারলেও চিলিতে শুরু হওয়া কোপা আমেরিকায় সেরাটা খেলার প্রত্যয় ব্যক্ত করেছেন। গত শনিবারই বার্সেলোনার হয়ে ট্রেবলজয়ী মেসির ভাবনায় এখন কেবলই দক্ষিণ আমেরিকান ফুটবলের এই সর্বোচ্চ প্রতিযোগিতা। দীর্ঘ ২২ বছর পর দলকে শিরোপা এনে দিতে নিজের সর্বোচ্চটা ঢেলে দিতে চান তিনি।

 
কোপায় অংশগ্রহণ করার জন্য গত মঙ্গলবার চিলিতে পৌঁছেছে মেসির নেতৃত্বে আর্জেন্টিনা দল। ‘বি’ গ্রুপে তাদের অপর তিন প্রতিপক্ষ হলো-বর্তমান চ্যাম্পিয়ন উরুগুয়ে, প্যারাগুয়ে এবং জ্যামাইকা। মেসিদের মিশন শুরু হবে শনিবার থেকে, প্যারাগুয়ের বিপক্ষে লড়ার মধ্য দিয়ে।
 
চিলিতে পৌঁছে সংবাদ সম্মেলনে কোপা আমেরিকা নিয়ে উজ্জীবিত মেসি বলেন, ‘কোপা আমেরিকা জিততে পারলে অসাধারণ হবে। আমাদের প্রজন্মটা দলের হয়ে একটা কিছু জয়ের জন্য মুখিয়ে আছে। তাছাড়া আমরা দারুণ ছন্দে রয়েছি এবং ব্যক্তিগত দিক থেকেও আমাদের দলে দারুণ সব খেলোয়াড় রয়েছে।’
 
ব্রাজিল বিশ্বকাপেও বেশ ভালো খেলেছিলো মেসিবাহিনী। শিরোপার একেবারে দ্বারপ্রান্তে চলে গেলেও ফাইনাল লড়াইয়ের অতিরিক্ত সময়ে জার্মানির কাছে ১-০ গোলে হেরে হতাশ হতে হয় তাদের। ফলে বিশ্বকাপের খরা ঘুচাতে ২০১৮ সালে রাশিয়া আসরের দিতে তাকিয়ে থাকতে হচ্ছে আর্জেন্টিনাকে। এর আগে কোপা আমেরিকা জিতে জাতীয় দলের অর্জনের ঘরটা সচল করাই লক্ষ্য তাদের। অধিনায়ক মেসি বলেন, ‘গত বছর বিশ্বকাপে যে দুঃখটা পেয়েছি, তা আমাদের সবসময় বয়ে বেড়াতে হবে। তবে কোপা আমেরিকাটাও আর্জেন্টিনার জন্য অনেক গুরুত্বপূর্ণ; গুরুত্বপূর্ণ আমাদের জন্যও। অনেক বছর হলো—আমরা কোনো শিরোপা জিতিনি। তাই অন্য যে কারো চাইতে আমরা বেশি করেই শিরোপাটা জিততে চাচ্ছি।’
 
ব্যক্তিগতভাবে জাতীয় দলের হয়ে নিজের সেরাটা দেয়ার প্রত্যয় জানিয়েছেন মেসি। বিশ্বকাপের চেয়েও বেশি দেয়ার প্রচেষ্টা নিয়েই মাঠে নামবেন বলে জানালেন তিনি। ব্রাজিল বিশ্বকাপে গোল্ডেন বল জেতা এই তারকা স্ট্রাইকার বলেন, ‘এই কোপা আমেরিকায় আমি নিজেকে বিশ্বকাপের চেয়েও আরো ভালো রূপে পেতে পারি।’
 
এবারের কোপা আমেরিকার অন্যতম তিন ফেভারিট চিলি, কলোম্বিয়া এবং ব্রাজিলের ব্যাপারে মেসি বলেন, ‘চিলি স্বাগতিক, আকর্ষণীয় ফুটবল খেলে কলোম্বিয়া এবং ছন্দে আছে ব্রাজিলও—তাদের বিপক্ষে খেলা কঠিন হবে। সত্যিকার অর্থে সামপ্রতিক সময়ে এই প্রতিযোগিতাটিতে খুব লড়াই হয়।’
 

চিলিতে পৌঁছেই অনুশীলন করেছে আর্জেন্টিনা। মঙ্গলবার চিলির লা সেরেনার অ্যালপাইন রিসোর্ট হুয়ান সোলদাদোতে অনুশীলন করতে দেখা গেছে কোচ জেরার্ডো মার্টিনোর দলকে। অনুশীলনে দেখা যায়নি ঘাড়ের চোটে থাকা দলের গোলরক্ষক সার্জিও রোমারিওকে। প্যারাগুয়ের বিপক্ষে মাঠে নামার আগে তিনি সুস্থ হয়ে ওঠবেন বলে আশা করা হচ্ছে। এরপরও রোমারিওর বিকল্প হিসাবে রাখা হয়েছে গোলরক্ষক নাহোয়েল গাজম্যান ও ম্যারিয়ানো অ্যান্দুজারকে।—সকারওয়ে