দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে ঢাকা থেকে ও আশপাশের বেশ কয়েকটি নৌপথে লঞ্চ ও স্টিমার চলাচল বন্ধ ঘোষণা করা হয়েছে। এতে বৃহস্পতিবার সকালে এসব রুটে তীব্র ভোগান্তিতে পড়েছে যাত্রীরা।
অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষের (বিআইডব্লিউটিএ) পরিচালক শফিকুল হক জানান, খারাপ আবহাওয়ার কারণে বেশ কয়েকটি রুটে নৌযান চলাচল বন্ধ ঘোষণা করা হয়েছে। তিনি আরো জানান, মাওয়া-কাওড়াকান্দি, দৌলতদিয়া-পাটুরিয়া, নারায়ণগঞ্জ-চাঁদপুরসহ বেশ কয়েকটি রুটে নৌযান চলাচল বন্ধ রয়েছে।
এ ব্যাপারে বিআইডব্লিউটি-এর সময় নিয়ন্ত্রক আলমগীর হোসেন বলেন, ‘আবহাওয়ার কারণে নৌবন্দরগুলোতে দুই নম্বর হুঁশিয়ারি সংকেত রয়েছে। এর মধ্যে ৬৫ ফুটের কম দৈর্ঘ্যের লঞ্চ চলাচল নিষেধ। সদরঘাট থেকে চাঁদপুরের রুটের বড় লঞ্চগুলো সকালে ছেড়ে গেছে।’
এদিকে একই কারণে নারায়ণগঞ্জ নৌবন্দর থেকে সাতটি রুটে লঞ্চ চলাচল বন্ধ রয়েছে। লঞ্চ মালিকদের সংগঠনের কেন্দ্রীয় কমিটির জ্যেষ্ঠ সহসভাপতি বদিউজ্জামান বাদল সাংবাদিকদের বলেন, ‘নারায়ণগঞ্জের কেন্দ্রীয় লঞ্চঘাট থেকে চাঁদপুর, শরিয়তপুর, মুন্সিগঞ্জসহ সাতটি রুটে লঞ্চ চলাচল আপাতত বন্ধ রয়েছে।’