কুমিল্লার দেবিদ্বারে ষষ্ঠ শ্রেণির এক স্কুলছাত্রীকে ধর্ষণের অভিযোগে এক যুবককে আটক করেছে পুলিশ। বুধবার রাত ১০টার দিকে এ বিষয়ে থানায় মামলা হওয়ার পরপরই বিল্লাল হোসেন নামে ওই যুবককে আটক করা হয়।
এদিকে ডাক্তারি পরীক্ষা ও আদালতে জবানবন্দির জন্য বৃহস্পতিবার বেলা ১১টায় ওই স্কুলছাত্রীকে কুমিল্লায় আনা হয়েছে বলে পুলিশ নিশ্চিত করেছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, দেবিদ্বার উপজেলার গুনাইঘর ইউনিয়নের ওই ছাত্রী স্কুলে পরীক্ষা দিয়ে ছেপাড়া গ্রামে নিজ বাড়িতে ফিরছিল। পথিমধ্যে উনঝুটি গ্রামের মিজানুর রহমানের ছেলে বিল্লাল হোসেন (২৪) তার পথ আটকায়। পরে একটি পরিত্যক্ত বাড়ির পেছনে নিয়ে ভয়ভীতি দেখিয়ে ধর্ষণ করে। একপর্যায়ে ওই ছাত্রীর আর্তচিত্কারে স্থানীয়রা এগিয়ে এলে বিল্লাল পালিয়ে যায়।
এ ব্যাপারে দেবিদ্বার থানার ওসি মো. মিজানুর রহমান জানান, বিল্লাল হোসেনকে আটক করা হয়েছে। বৃহস্পতিবার ওই স্কুলছাত্রীর ডাক্তারি পরীক্ষা সম্পন্ন করার পর আদালতে জবানবন্দি রেকর্ড করা হবে।