তেভেজকে আকর্ষণীয় প্রস্তাব পিএসজির

 
জুভেন্টাস তারকা স্ট্রাইকার কার্লোস তেভেজের ব্যাপারে আগ্রহী হয়ে উঠেছে প্যারিস সেইন্ট-জার্মেই। তারই ধারাবাহিকতায় আসন্ন গ্রীষ্ম মৌসুমে আর্জেন্টাইন এই স্ট্রাইকারকে ফ্রেঞ্চ রাজধানীতে আনার জন্য লোভনীয় প্রস্তাবের ইঙ্গিত পাওয়া গেছে।
 
জুভ তাকে আরো এক মৌসুম দলে ধরে রাখার জন্য মরিয়া হয়ে উঠলেও সম্প্রতি গুজব রটেছে বোকা জুনিয়র্সের সাথে তেভেজের আলোচনা চলছে। চ্যাম্পিয়নস লিগ রানার্স-আপ জুভেন্টাসের সাথে তেভেজের চুক্তি এখনো এক বছর বাকি রয়েছে। কিন্তু যত দ্রুত সম্ভব জুভ তারকাকে দলে নিতে এখন দারুণ তত্পর ফ্রেঞ্চ ওয়ান লিগের চ্যাম্পিয়নরা। বছরে প্রায় সাড়ে আট মিলিয়ন ইউরোর বিনিময়ে তেভেজকে পিএসজি দলে নিতে চায় বলে জানা গেছে। এর সাথে বোনাস মিলিয়ে সর্বমোট অর্থের পরিমাণ ৯ মিলিয়ন ইউরো ছাড়িয়ে যাবে।
 

এদিকে এটা অবধারিত যে সিরি-আ চ্যাম্পিয়নরা কোনভাবেই তাদের ২০ গোল করা স্ট্রাইকারকে স্বল্পমূল্যে দলবদলের বাজারে ছাড়বে না। ৩১ বছর বয়সী এই আর্জেন্টাইন স্ট্রাইকারের ক্যারিয়ারে এটাই সম্ভবত শেষ বড় কোনো চুক্তি হতে যাচ্ছে। জুভেন্টাসের প্রধান নির্বাহী গিউসেপ মারোত্তা অবশ্য বলেছেন তেভেজের সাথে ক্লাবের বেশ সুসম্পর্ক রয়েছে। কিন্তু সাথে সাথে এ কথাও বলেছেন সবকিছুই তেভেজের ওপরই নির্ভর করছে। একজন পেশাদার ফুটবলার হিসেবে তার সিদ্ধান্তকে ক্লাব অবশ্যই শ্রদ্ধা করবে।