অভিনেতা আরিক আনাম খান। সম্প্রতি বাংলাদেশ-ভারত সিরিজ নিয়ে একটি কমল পানীয়র বিজ্ঞাপনের মধ্য দিয়ে আলোচনায় আসেন তিনি। বিজ্ঞাপনটি নিয়ে অনেক সমালোচনাও হয় গণমাধ্যমে। এই ঈদে বেশ কয়েকটি নাটকে দেখা যাবে আরিককে। সমালোচিত কনসেপ্টে বিজ্ঞাপন করা, দেশের বিজ্ঞাপনের অবস্থা ও নাটক প্রসঙ্গে তিনি কথা বললেন বিনোদন প্রতিদিনের সাথে।
* এখন কাজের ব্যস্ততা?
-- ঈদের কয়েকটি কাজ নিয়ে ব্যস্ত আছি। আরও কয়েকটি কাজের কথা চলছে। শিগগিরই হয়তো শুটিং শুরু করবো। এছাড়া আমার নাটদলের নতুন প্রযোজনা নিয়ে ব্যস্ত আছি। নতুন নাটকের প্রস্তুতি চলছে। মূলত নাট্যদল নিয়েই বেশি ব্যস্ত আছি।
* বাংলাদেশ-ভারত সিরিজ নিয়ে যে বিজ্ঞাপনটি করেছেন, এটি বেশ সমালোচিত হয়েছে। এ প্রসঙ্গে কী বলবেন?
-- বিজ্ঞাপনটি একটি ফান ছিল কিন্তু অনেকে সিরিয়াসলী নিচ্ছেন। আর আমি এখানে অভিনয় করেছি। প্রোডাক্ট কোম্পানি ও যার কনসেপ্ট তারাই বিষয়টি পরিস্কার করতে পারবে।
* কিন্তু ফলাফল নেতিবাচক কিছু হতে পারে, তাহলে বিজ্ঞাপনটির উদ্দেশ্য কী?
-- উদ্দেশ্য একটু মজা করা ছাড়া কিছু না। বিশ্বকাপ চলাকালীন ভারতও পেপসির ‘মওকা মওকা’ বিজ্ঞাপন করেছিল। কিন্তু শেষ পর্যন্ত তারাও তো বিশ্বকাপ জয়ী হতে পারেনি। এটি মূলত প্রোডাক্টের এটি মার্কেটিং পলিসি।
* আমাদের বিজ্ঞাপনের মান নিয়ে কী বলবেন?
-- আমাদের বিজ্ঞাপনের মান এখন অনেক ভালো। যদিও একই কনসেপ্ট অনেকবার নকল হচ্ছে। সে বিষয়গুলোও একসময় ঠিক হয়ে যাবে। অনেক তরুণ মেধাবীরা কাজ করছেন। এখন আন্তর্জাতিক মানের বিজ্ঞাপন হচ্ছে।
* আপনি একটি বিজ্ঞাপন সংস্থার সাথে জড়িত রয়েছেন, সেখানে কতটুকু নিয়মিত?
-- আমি অভিনয় নিয়েই থাকতে চাই। বিজ্ঞাপনের সাথে জড়িত ছিলাম কিন্তু নিয়মিত না। ভালো লাগলে হয়তো বিজ্ঞাপন সামনেও পরিচালনা করবো। তবে অভিনয় আগে।