‘তিস্তার পানি নিয়ে কথা বলার অধিকার তাদের নেই’

আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক ড. হাছান মাহমুদ বলেছেন, যে দলের নেত্রী (খালেদা জিয়া) ভারতে গিয়ে গঙ্গার পানি চুক্তির কথা ভুলে যান, সে দলের নেতাদের তিস্তার পানি নিয়ে কথা বলার কোনো অধিকার নেই। 
 
রাজধানীর ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে বৃহস্পতিবার দুপুরে প্রধানমন্ত্রী শেখ হাসিনার কারামুক্তি দিবস উপলক্ষ্যে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
 
‘বাংলাদেশ-ভারত সুসম্পর্ক উভয় দেশের উন্নয়নের অন্যতম শর্ত’ শীর্ষক এ আলোচনা সভার আয়োজন করে বাংলাদেশ স্বাধীনতা পরিষদ।
 
বিএনপি নেতাদের উদ্দেশে আওয়ামী লীগের এই নেতা বলেন, আপনাদের নেত্রী খালেদা জিয়া প্রধানমন্ত্রী থাকাকালে যখন ভারতে গিয়েছিলেন, তখন গঙ্গার পানি চুক্তি নিয়ে কথা বলতে ভুলে গিয়েছিলেন।
 
তিনি বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য এমাজউদ্দীন আহমদসহ অনেক বিএনপি নেতা বলেছেন, যে সব চুক্তি হয়েছে তা নাকি ভারতের স্বার্থে। আপনাদের বলতে চাই, চুক্তিগুলো একটু পড়ে দেখুন। অশিক্ষিত ও গণ্ডমূর্খের মতো কথা বলবেন না। সব চুক্তি বাংলাদেশের স্বার্থ সমর্থন করে হয়েছে।