ব্রিটিশ হাইকমিশনার রবার্ট ডাব্লিউ গিবসন বলেছেন, সিটি কর্পোরেশন নির্বাচনের অনিয়মের তদন্ত না হওয়া লজ্জাজনক। বৃহস্পতিবার জাতীয় প্রেসক্লাবে কূটনীতিক রিপোর্টারদের সংগঠন-ডিক্যাব আয়োজিত এক আলোচনা সভায় তিনি এ কথা বলেন।
গিবসন বলেন, সিটি নির্বাচন শুরুর দিকে সুন্দরভাবে হচ্ছিল। সহিংসতা ও ঝামেলা হওয়ার কোনো ইঙ্গিতও ছিল না। তাই নির্বাচনকে স্বাগত জানিয়েছিলাম। তবে পরে পরিস্থিতি পাল্টে যায়। নির্বাচনী প্রক্রিয়ায় হস্তক্ষেপ ও ব্যাঘাত ঘটানোর অনেক প্রমাণ সোশ্যাল মিডিয়া ও গণমাধ্যমে উঠে আসে।
গিবসন বিএনপির নির্বাচন বয়কটকে দুর্ভাগ্যজনক উল্লেখ করে বলেন, নির্বাচনই গণতন্ত্রের একমাত্র পূর্বশর্ত নয়। এর সঙ্গে গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলোর স্বচ্ছতা ও জবাবদিহিতাও গুরুত্বপূর্ণ। গণতন্ত্র হচ্ছে, প্রতিদিনের জবাবদিহিতা। যুক্তরাজ্য টেকসই গণতন্ত্রের জন্য সব রাজনৈতিক দলগুলোর মধ্যে আলোচনাকে উৎসাহিত করে।
তিনি বলেন, স্বাধীনতার পর থেকে এ পর্যন্ত বেশ কয়েকবার এ দেশে গণতন্ত্রের যাত্রা ব্যাহত হলেও মানুষ গণতন্ত্রেরই পক্ষে, যা বাংলাদেশের জন্য খুব ইতিবাচক।
গিবসন বলেন, বাংলাদেশের সংবাদমাধ্যমে স্বাধীনতা রয়েছে। তবে সংবাদমাধ্যমের স্বাধীনতা আর দায়িত্বশীলতার মধ্যে ভারসাম্য রক্ষা করাটাও গুরুত্বপূর্ণ।
গিবসন বলেন, যুক্তরাজ্য বাংলাদেশে বিনিয়োগ বাড়াতে আগ্রহী। এ ক্ষেত্রে তিনি আশা করেন, সরকার বিদেশি বিনিয়োগের পথে বাধা হয়ে থাকা দুর্নীতির মতো ইস্যুগুলোর সমাধান করবে। তাহলেই বাংলাদেশ দ্রুত উন্নতি করবে।