প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, বর্তমান সরকার শিশুদের অধিকার রক্ষায় বদ্ধপরিকর। ইতোমধ্যে আমরা জাতিসংঘ শিশু অধিকার সনদ এবং ঝুঁকিপূর্ণ শিশুশ্রম প্রতিরোধ ও নিরসন বিষয়ক আইএলও কনভেনশন অনুসমর্থন করেছি। শিশুশ্রম নিরসনের লক্ষ্যে জাতীয় শিশুশ্রম নিরসন নীতি ২০১০ প্রণয়ন করা হয়েছে। এ নীতি বাস্তবায়নে জাতীয় কর্মপরিকল্পনা প্রণয়ন এবং শিশুশ্রম বিষয়ক কার্যক্রম মনিটরিংয়ের জন্য বিভিন্ন পর্যায়ে কমিটি গঠন করা হয়েছে
তিনি বিশ্ব শিশুশ্রম প্রতিরোধ দিবস উপলক্ষে বৃহস্পতিবার দেয়া এক বাণীতে এ কথা বলেন।
তিনি বলেন,আমরা শিশুদের জন্য ঝুঁকিপূর্ণ ৩৮ ধরনের কাজ চিহ্নিত করে এর তালিকা প্রকাশ করেছি । দিবসটির এবারের প্রতিপাদ্য ‘শিশুশ্রমকে না বলুন, মানসম্মত শিক্ষাকে হ্যাঁ বলুন’। যা অত্যন্ত সময়োপযোগী হয়েছে। বিশ্বের অন্যান্য দেশের মত বাংলাদেশেও ১২ জুন বিশ্ব শিশুশ্রম প্রতিরোধ দিবস পালন করা হচ্ছে জেনে তিনি আনন্দিত।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, গৃহকর্মে নিয়োজিত শিশুদের সুরক্ষার জন্য গৃহকর্মী সুরক্ষা ও কল্যাণ নীতি প্রণয়নের কাজ চ‚ড়ান্ত পর্যায়ে রয়েছে। সরকার সেভ দ্যা চিলড্রেনের সহায়তায় শিশুদের জন্য ‘জাতীয় ব্যবসায় সামাজিক দায়বদ্ধতা (সিএসআর) নীতি প্রণয়নের উদ্যোগ নিয়েছে।
তিনি বলেন, ঝুঁকিপূর্ণ কাজে নিয়োজিত শিশুদের প্রত্যাহার করে তাদেরকে বৃত্তিমূলক ও কারিগরি শিক্ষা প্রদান করা হচ্ছে। আমাদের সামাজিক নিরাপত্তা বলয় কর্মসূচি হতদরিদ্র মানুষের দারিদ্র্য দূরীকরণের পাশাপাশি ঝুঁকিপূর্ণ শিশুশ্রম নিরসনেও ব্যাপক ভূমিকা রাখছে। এছাড়া শিশুদের উন্নয়ন ও কল্যাণে ‘সবার জন্য শিক্ষা’র আওতায় সকল শিক্ষার্থীকে বিনামূল্যে শিক্ষা উপকরণ বিতরণ এবং উপবৃত্তি প্রদান করা হচ্ছে। দারিদ্র্যপীড়িত এলাকায় স্কুল ফিডিং কর্মসূচি চালু রয়েছে। প্রধানমন্ত্রী এ দিবস উপলক্ষে আয়োজিত সকল কর্মসূচির সার্বিক সাফল্য কামনা করেন। খবর বাসস।