চট্টগ্রামে ৫ ডিবি পুলিশ বরখাস্ত

ঊর্ধ্বতন কর্তৃপক্ষের অনুমতি ছাড়া অভিযান পরিচালনা করার অভিযোগে চট্টগ্রাম মহানগর ডিবি পুলিশের এসআই ও এএসআইসহ পাঁচ সদস্যকে বৃহস্পতিবার সাময়িক বরখাস্ত করা হয়েছে।  সিএমপি কমিশনার মো. আবদুল জলিল মন্ডল বৃহস্পতিবার এ আদেশ দিয়েছেন জানিয়ে সিএমপির অতিরিক্ত কমিশনার (প্রশাসন) একেএম শহীদুর রহমান বলেন, ঘটনা তদন্তের নির্দেশ দেয়া হয়েছে। বরখাস্তকৃতরা হলেন, এসআই আমিরুল ইসলাম, এএসআই জহিরুল ইসলাম ও কনস্টেবল আবু তাহের। বরখাস্ত বাকি দুই কনস্টেবলের নাম যানা যায়নি।
 
প্রাপ্ত অভিযোগে জানা গেছে, গত সোমবার নগরীর পাঁচলাইশ থানার চমেক হাসপাতাল এলাকায় ল্যানসেট হাসপাতাল ভবনে সৈয়দ নাসিম আহমেদ নামে এক ব্যক্তির অফিসে ইয়াবা উদ্ধারের জন্য সাদা পোশাকে তদন্তে যায় ডিবি পুলিশ। এ সময় ওই অফিস থেকে পুলিশ তিন লক্ষ টাকা লুট করে বলে অভিযোগকারী দাবি করেন। 
 
ডিবির উপ-কমিশনার কুসুম দেওয়ান বলেন, নগরীর পাঁচলাইশ এলাকার একটি অফিসে নিয়ম বহির্ভূতভাবে অভিযান পরিচালনা করার অভিযোগে পাঁচজনকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। তবে বরখাস্তকৃতদের বিরুদ্ধে আর্থিক অভিযোগের সত্যতা নেই।