পুঁজিবাজারে সূচক ও লেনদেন কমেছে

ওঠানামার মধ্য দিয়ে যাচ্ছে দেশের পুঁজিবাজার। ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) সার্বিক মূল্যসূচক দুইদিন পতনের পর বুধবার কিছুটা বাড়লেও বৃহস্পতিবার ফের পতন হয়েছে। সূচক কমার পাশাপাশি লেনদেনও কমেছে। 
 
বাজার সংশ্লিষ্টরা বলছেন, বাজারে বর্তমানে কোম্পানির পরিস্থিতি বিবেচনায় বিনিয়োগ হচ্ছে। তাই পুঁজিবাজারের মূল্য সূচকে ওঠানাম দেখা যাচ্ছে।
 
তথ্যে দেখা গেছে, বৃহস্পতিবার ডিএসই’র ব্রড ইনডেক্স (ডিএসইএক্স) ৪১ পয়েন্ট কমে ৪ হাজার ৫১৫ পয়েন্টে দাঁড়িয়েছে। ডিএস-৩০ মূল্য সূচক ১৫ পয়েন্ট কমে ১ হাজার ৭৪৪ পয়েন্টে দাঁড়িয়েছে। ডিএসইতে মোট লেনদেন হয়েছে ৪৫০ কোটি ৬৭ লাখ টাকা। যা আগের দিনের চেয়ে ৭১ কোটি ২১ লাখ টাকা কম। লেনদেনকৃত ৩০৫টি কোম্পানির মধ্যে দাম বেড়েছে ৮৬টির, কমেছে ১৮৪টির এবং অপরিবর্তিত রয়েছে ৩৫টি কোম্পানির শেয়ারের। 
 
অপরদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক মূল্য সূচক আগের দিনের চেয়ে ১০৮ পয়েন্ট কমে ১৩ হাজার ৯০৫ পয়েন্টে দাঁড়িয়েছে। লেনদেন হয়েছে ৪৫ কোটি ৪৩ লাখ টাকা। যা আগের কার্যদিবসের চেয়ে ৯ লাখ টাকা বেশি। লেনদেনকৃত ২৩৭টি কোম্পানির মধ্যে দাম বেড়েছে ৫৯টির কমেছে ১৫৩টির এবং অপরিবর্তিত রয়েছে ২৫টি কোম্পানির শেয়ারের।
 
এদিকে ডিএসইতে দর বৃদ্ধির ক্ষেত্রে বৃহস্পতিবার আধিপত্য বিস্তার করেছে মিউচুয়াল ফান্ড খাত। দর বৃদ্ধির শীর্ষ দশ কোম্পানির ৫টিই ছিল এ খাতের। কোম্পানিগুলো হলো- ফার্স্ট বাংলাদেশ ফিক্সড ইনকাম মিউচুয়াল ফান্ড, আইসিবি এমপ্লয়িজ প্রভিডেন্ট মিউচুয়াল ফান্ড ১ : স্কিম ১, আইসিবি এএমসিএল ফার্স্ট এনআরবি মিউচুয়াল ফান্ড, এশিয়ান টাইগার সন্ধানী লাইফ গ্রোথ ফান্ড এবং আইসিবি এএমসিএল দ্বিতীয় এনআরবি মিউচুয়াল ফান্ড। আর দর কমার ক্ষেত্রে শীর্ষে ছিল লাফার্জ সুরমা সিমেন্ট। 
 
বৃহস্পতিবার শেয়ারটির দর কমেছে ৯ টাকা ৮০ পয়সা বা ৭ দশমিক ৭২ শতাংশ। এছাড়া শীর্ষ দর পতনের তালিকায় ছিল ওরিয়ন ইনফিউশন, অলটেক্স ইন্ডাস্ট্রিজ, সামিট পাওয়ার, বিএসআরএম এবং ইউনাইটেড পাওয়ার জেনারেশন।