আয়করের গ্যাড়াকলে মেসি

কর ফাঁকির দায়ে অভিযুক্ত বার্সালোনা তারকা লিওনেল মেসি বিচারের সম্মুখীন হবেন বলেই মনে হচ্ছে। গত বছরের অক্টোবরে বার্সালোনার গ্যাবার একটি নিম্নআদালতের দেয়া রায়ের বিরুদ্ধে করা মেসির আবেদনটি খারিজ করে দিয়েছেন বার্সালোনার উচ্চ আদালত।

 
মেসি এবং তার বাবা জর্জ হোরাসিয়ো মেসির বিরুদ্ধে ২০০৭ থেকে ২০০৯ সালের মধ্যে স্পেনের বাইরে অ্যাডিডাস এবং পেপসি-কোলাসহ সাতটি কোম্পানির সঙ্গে চুক্তির মাধ্যমে মেসির ইমেজ স্বত্ব বিক্রি করে স্প্যানিস কর্তৃপক্ষকে চার মিলিয়ন ইউরোরও বেশি  কর ফাঁকি দেয়ার অভিযোগ রয়েছে।
 
আপিলের পক্ষে মেসির আইনজীবীর প্রধান যুক্তি ছিল মেসি তার আর্থিক বিষয়াদি সম্পর্কে জানতেন না। আদালতে মেসির আইনজীবী বলেন, ‘মেসি জীবনের এক মিনিটও পড়াশুনা কিংবা চুক্তি বিশ্লেষণের পিছনে ব্যয় করেননি।’ মেসি আঠারো বছর বয়সেই কোম্পানিসমূহের সাথে তার চুক্তি নবায়নের পাশাপাশি একটি কোম্পানির একক প্রশাসক হিসেবে তালিকাভুক্ত হন উল্লেখ করে আদালত জানান, মেসি তার আর্থিক বিষয়াদি জানতেন না বলে তাকে কর ফাঁকির অভিযোগ থেকে মুক্তি দেয়া যায় না। বুধবারে দেওয়া রায়ের মাধ্যমে গ্যাবার নিম্ন আদালতের দেওয়া রায়ই বজায় রাখল বার্সালোনার উচ্চ আদালত।
 
উচ্চ আদালতের দেয়া এ রায়ের বিরুদ্ধে আপিল করা যাবে না। যদিও মেসির সামনে সুযোগ রয়েছে আদালতের বাইরে স্প্যানিস কর্তৃপক্ষের সাথে বিষয়টি মিমাংসা করে নেয়ার। কিন্তু স্পেনে কর আইনে কড়াকড়ি থাকায় এটি জটিলই হবে মেসির জন্য।
 

২০০০ সালে তের বছর বয়সে বার্সালোনায় আসেন লিওনেল মেসি। তিন বছর পরই মাত্র ষোল বছর বয়সে কাতালানদের হয়ে অভিষেক হয় তার। কয়েক বছরের মধ্যেই বার্সালোনার মূল তারকায় পরিণত হন এ আর্জেন্টাইন। চুয়াল্লিশতম কোপা আমেরিকা আসরে বর্তমানে চিলিতে আছেন আর্জেন্টাইন অধিনায়ক।-বিবিসি/গার্ডিয়ান