প্রধানমন্ত্রী আজ যুক্তরাজ্য যাচ্ছেন

প্রধানমন্ত্রী শেখ হাসিনা ছয় দিনের সফরে আজ শুক্রবার যুক্তরাজ্য যাচ্ছেন। তৃতীয় দফায় নির্বাচিত প্রধানমন্ত্রীর দায়িত্ব গ্রহণের পর এটা তার প্রথম যুক্তরাজ্য সফর। প্রধানমন্ত্রীর সফর সঙ্গীদের মধ্যে রয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা ইকবাল সোবহান চৌধুরী, পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম, পররাষ্ট্র সচিব শহীদুল হক প্রমুখ। 

 
সকাল পৌনে ১০টায় বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ভিভিআইপি ফ্লাইটে (বিজি-০০১) প্রধানমন্ত্রী তার সফর সঙ্গীদের নিয়ে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে লন্ডনের উদ্দেশে রওনা হবেন। স্থানীয় সময় বিকাল সাড়ে ৩টায় তাকে বহনকারী ফ্লাইটটি লন্ডন হিথ্রো আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করবে। বিমানবন্দর থেকে তিনি মটর শোভাযাত্রা সহকারে পার্ক লেনের লন্ডন হিল্টন হোটেলের উদ্দেশে যাত্রা করবেন। সফরকালে প্রধানমন্ত্রী এ হোটেলেই অবস্থান করবেন। 
 
আগামী রবিবার লন্ডনে প্রবাসী বাংলাদেশিদের পক্ষ থেকে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে সংবর্ধনা দেয়া হবে। ভারতের সাথে স্থল সীমান্ত চুক্তি বাস্তবায়নসহ বিভিন্ন ক্ষেত্রে অসামান্য অর্জনের জন্য যুক্তরাজ্য আওয়ামী লীগ লন্ডনের পার্ক লেনের একটি পাঁচ তারা হোটেলে এ সংবর্ধনার আয়োজন করেছে। যুক্তরাজ্য আওয়ামী লীগের এক নেতা গতকাল টেলিফোনে ইত্তেফাককে জানান, সংবর্ধনা সফল করার জন্য ব্যাপক প্রস্তুতি চলছে।
 

বুধবার স্থানীয় সময় বিকাল সোয়া ৬টায় বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ভিভিআইপি ফ্লাইটে (বিজি-০১৬) ঢাকার উদ্দেশে প্রধানমন্ত্রী হিথ্রো আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করবেন। বৃহস্পতিবার সকালে তিনি দেশে পৌঁছাবেন।