স্কুলের জমিতে আবাসিক ভবন নির্মাণের প্রতিবাদে বিক্ষোভ

আশুলিয়ার ৬০ বত্সরের পুরনো ঐতিহ্যবাহী গাজিরচট এ.এম স্কুল এন্ড কলেজের জমিতে গার্মেন্টস শ্রমিকদের আবাসিক ভবন নির্মাণের প্রতিবাদে নবীনগর-চন্দ্রা মহাসড়ক অবরোধসহ বিক্ষোভ মিছিল করেছেন শিক্ষক-শিক্ষার্থীসহ এলাকাবাসী। গতকাল বৃহস্পতিবার মহিলা অধিদপ্তর ও আশুলিয়া সার্কেল ভূমি কর্মকর্তারা ওই জমিতে সাইনবোর্ড দিতে আসলে স্কুল পরিচালনা কমিটির পক্ষ থেকে তাদের বাধা দেয়া হয়। এ সংবাদ শিক্ষার্থীদের মধ্যে ছড়িয়ে পড়লে তারা বিক্ষোভ করেন।

 
স্থানীয় সূত্রে জানা যায়, একবছর আগে সরকার পোশাক কারখানায় কর্মরত নারী শ্রমিকদের পুনর্বাসনের লক্ষ্যে সরকারি খরচে আবাসন নির্মাণের পরিকল্পনা গ্রহণ করেন। এর ধারাবাহিকতায় আশুলিয়ার বাইপাইল মৌজার গাজিরচটে একটি প্রকল্প গ্রহণ করে মহিলা অধিদপ্তর। ওই প্রকল্পের আওতায় যে জমিতে গার্মেন্টস শ্রমিকদের বাসস্থান নির্মাণের পরিকল্পনা করা হয়েছে সেটি গাজিরচট এ.এম স্কুল এন্ড কলেজের মালিকানাধীন জমি।
 

ঢাকার অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) আবুল ফজল মীর জানান, তফসীলভুক্ত ওই জমিতে সরকারের মালিকানাধীন ১.৭৭ একর জমি রয়েছে। এতেই নির্মাণ করা হবে গার্মেন্টস শ্রমিকদের আবাসনের জন্য বহুতল ভবন। তিনি আরো বলেন, সরকারের ওই খাস জমিটি কোথায় রয়েছে তা আমাদের জানা নেই। তবে তদন্ত করে সরকারের জমিটি বের করা হবে বলে জানান তিনি।