১০০ কোটি ছুঁয়েছে কেটি পেরির ‘ডার্ক হর্স’

পপ তারকা কেটি পেরির ভক্তের সংখ্যা যে কয়েক কোটিতে আটকে নেই সেই প্রমাণ এবার হয়েই গেল। অনলাইনে কেটি পেরির ‘ডার্ক হর্স’ গানটির ভিউয়ার গিয়ে দাঁড়িয়েছে শত কোটিতে। ভেভো ওয়েবসাইটে এই জনপ্রিয় পপ তারকার ‘ডার্ক হর্স’ গানটির ভিউ ১০০ কোটি ছুঁয়েছে সম্প্রতি।

 

তবে তিনিই যে প্রথম তা কিন্তু নয়। এর আগে এই আকাশ চুম্বুক সংখ্যাটি ছুঁয়েছিলেন কানাডিয়ান পপ তারকা জাস্টিন বিবার। বিবারের ‘বেবি’ গানটি ছিল শত কোটির তালিকায়। ভিডিওটি রিলিজের পরই ছিল আলোচনার শীর্ষে।

 

এর আগেও কেটির বেশ কয়েকটি মিউজিক ভিডিওর ভিউয়ারও ছিল আলোচনায়। কেটি তার এই অপ্রত্যাশিত সাফল্যে খুবই উচ্ছ্বসিত। আর অনুভূতিগুলোই টুইট করে ভক্তদের জানিয়ে দিলেন ৩০ বছর বয়সী এই মার্কিন গায়িকা।

 

গানটিতে মিসরের রাণী ক্লিওপেট্রার ভূমিকায় দেখা যায় কেটিকে। কেটি বলেন, ‘বন্ধুরা, ডার্ক হর্স ১০০ কোটি বার দেখা হয়ে গেছে। দারুণ ব্যাপার।’