মনপুরায় ট্রলারডুবি: ফের তল্লাশি শুরু, তদন্ত কমিটি

 
ভোলার মনপুরায় ট্রলার দুর্ঘটনায় দ্বিতীয় দিনের মতো উদ্ধার কাজ শুরু হয়েছে।  শুক্রবার সকালে থেকে এই উদ্ধার কাজ শুরু হয়েছে।  এই ঘটনা তদন্তে পাঁচ সদস্যের কমিটি গঠন করা হয়েছে।
 
সকাল থেকে উদ্ধার কাজ শুরু হলেও দুপুর একটা পর্যন্ত কাউকে উদ্ধার করতে পারেনি পুলিশ কিংবা কোস্টগার্ড। স্বজনদের লাশের প্রতীক্ষায় মেঘনায় পাড়ে শত শত মানুষ ভিড় করেছেন।
 
ট্রলারডুবির ঘটনায় এখন অন্তত ১০ জন নিখোঁজ রয়েছেন। নিখোঁজদের মধ্যে স্বপ্না(১০), কামাল(৪০), জান্নাত বেগম (৩৫), জান্নাত (৮),  বেলাল (৩৫), জনি (৪), নুর নাহার (২৫), সাহাবুদ্দিন (১২), মিশু(৭) ও হাকিম(৪)-এর পরিচয় পাওয়া গেছে।
 
ভোলার জেলা ম্যাজিষ্ট্রেট মনোয়ার হোসেন জানান, সকালে পাঁচ সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। ইতোমধ্যেই ঐ কমিটি তদন্ত কাজ শুরু করে দিয়েছে। এছাড়া স্থানীয় জনপ্রতিনিধিদের নিয়ে একটি সার্চ কমিটি গঠন করা হয়েছে ।
 
কলাতলী থেকে একটি যাত্রীবাহী ট্রলার মনপুরা আসার পথে মেঘনা নদীর মাঝখানে তলা ফুটো হয়ে ডুবে যায়। এই ঘটনায় স্থানীয়রা নারী ও শিশুসহ ৬ জনের লাশ উদ্ধার করে।