বৃষ্টির কারণে ফতুল্লা টেস্টের তৃতীয় দিনের খেলা সমাপ্ত ঘোষণা করা হয়েছে। খেলা বন্ধ হওয়ার সময় ভারতের সংগ্রহ ৬ উইকেটে ৪৬২ রান। রবিচন্দ্রন অশ্বিন ২ ও হরভজন সিং ৭ রানে অপরাজিত আছেন।
মধ্যাহ্নভোজের বিরতির সময় বৃষ্টি নামায় এক ঘণ্টা পর দ্বিতীয় সেশনের খেলা শুরু হয়। চার ওভার এক বল পর আবার বৃষ্টি নামলে খেলা বন্ধ থাকে।
১৫ মিনিট পর খেলা শুরু হলে সাকিব মুরালি বিজয়কে (১৫০) এলবিডব্লিউর ফাঁদে ফেলে সাজঘরে পাঠান। এরপর জুবায়ের হোসেনের বলে বোল্ড হয়ে যান ঋদ্ধিমান সাহা (৬)। এরপর শতকের দ্বারপ্রান্তে থাকা অজিঙ্কা রাহানেকে (৯৮) বোল্ড করেন সাকিব।
শুক্রবার তৃতীয় দিনের শুরুতে ভারতের প্রতিরোধ ভাঙেন সাকিব আল হাসান। তার বলে ফিরতি ক্যাচ দিয়ে ফিরে যান শিখর ধাওয়ান (১৭৩)। প্রথম দিন ৭৩ রানে জীবন পেয়েছিলেন এই বাঁহাতি ব্যাটসম্যান। পরের ওভারে ফিরে রোহিত শর্মাকে (৬) বোল্ড করেন সাকিব। এরপর জুবায়ের হোসেনে বলে বোল্ড হয়ে যান বিরাট কোহলি (১৪)।
বৃষ্টির কারণে দ্বিতীয় দিন খেলা হয়নি। তাই শুক্রবার নির্ধারিত সময়ের আধ ঘণ্টা আগে সাড়ে নয়টায় খেলা শুরু হয়। ফতুল্লার খান সাহেব ওসমান আলী স্টেডিয়ামে বিনা উইকেটে ২৩৯ রান নিয়ে খেলা শুরু করে ভারত।