বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ বলেছেন, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সফরে বাংলাদেশ বেশি লাভবান হয়েছে। যারা এর বিরোধিতা করে বক্তব্য দিচ্ছেন তারা ভুল তথ্য দিচ্ছেন।
শুক্রবার স্থানীয় শিল্পকলা একাডেমীতে ১০ জন গুণী শিল্পীকে দেয়া সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন।
জেলা প্রশাসক মো. সেলিম রেজার সভাপতিত্বে সংবর্ধনা অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন সাবেক অধ্যক্ষ নাট্যশিল্পী এম ফারুকুর রহমান।
অনুষ্ঠানের দশ গুণী শিল্পী হলেন, এম ফারুকুর রহমান (নাটক), প্রশান্ত চন্দ্র করঞ্জাই (আবৃতি), এ.ইউ.এম শাকির (সঙ্গীত), কাজী নাসিমা শিরিন তুলি (নৃত্য), ভাস্কর চন্দ্র মজুমদার (তবলা) এবং এম এ তাহের (নাটক), আনোয়ার হোসেন (আবৃত্তি), মনজুর আহমেদ (সঙ্গীত), কবি হাসান মাহমুদ (ফোক গান), প্রদীপ রায় (তবলা)। তাদের প্রত্যেককে ক্রেস্ট, সনদ ও নগদ দশ হাজার টাকার চেক পুরস্কার হিসাবে দেওয়া হয়।
বাণিজ্যমন্ত্রী বলেন, এখন দেশ রাজনৈতিকভাবে স্থিতিশীল। দেশের রপ্তানি লক্ষমাত্রা এ বছর ১৪ বিলিয়নে উন্নীত হয়েছে। তাই দৃঢ়ভাবে আবারো বলা যায় বাংলাদেশ এগিয়ে যাচ্ছে, এগিয়ে যাবে।
এই সরকারের অঙ্গীকার ছিল, ২০২১ সালে বাংলাদেশকে একটি মধ্যম আয়ের দেশে এবং ডিজিটাল বাংলাদেশ বিনির্মান করা। আমরা সে লক্ষ্যে এগিয়ে যাচ্ছি।