যৌতুকের দাবিতে মিরপুরে গৃহবধূকে হত্যা

যৌতুকের দাবিতে রাজধানীর মিরপুরে এক গৃহবধূকে হত্যা করা হয়েছে। নিহত সোমা আক্তার (২৩) ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নার্সিংয়ে শিক্ষানবিশ হিসেবে কর্মরত ছিলেন। এ হাসপাতালেই তার লাশের ময়নাতদন্ত চলছে। স্বামীর আমিনুলের সঙ্গে কল্যাণপুরের ১১ নম্বর সড়কের ৪৪ নম্বর বাসায় ভাড়া থাকতেন সোমা।
 
পরিবারের অভিযোগ, রাজধানীর কলাবাগানে কমফোর্ট হাসপাতালে গত বৃহস্পতিবার রাতে সোমার লাশ ফেলে পালিয়ে যাচ্ছিলেন তার স্বামী আমিনুল ইসলাম। এ সময় তাকে আটক করে পুলিশে দেয় হাসপাতালের কর্মচারীরা। যৌতুক না পেয়ে আমিনুলই সোমাকে হত্যা করেছেন।
 
নিহত সোমা আক্তারের চাচা নূরুল ইসলাম বলেন, ‘‘এক বছর আগে পারিবারিকভাবে সোমার সঙ্গে আমিনুলের বিয়ে হয়। বিয়ের পর থেকেই ২০ লাখ টাকা যৌতুক দাবি করে আসছিলেন আমিনুল। টাকার জন্য প্রায়ই নানাভাবে সোমাকে চাপ দিতেন তিনি।’
 
নূরল ইসলাম আরো বলেন, ‘বৃহস্পতিবার দুপুর একটা পর্যন্ত ঢাকা মেডিক্যালে ব্যস্ত ছিলেন সোমা। এ সময় সোমাকে বারবার ফোন করেন আমিনুল। পরে তাকে কল্যাণপুরের বাসায় নিয়ে যান আমিনুল। সন্ধ্যা সাতটার দিকে সোমাকে মৃত অবস্থায় কলাবাগানের কমফোর্ট হাসপাতালে পাওয়া যায়। সোমার গলা ও কানে আঘাতের চিহ্ন ছিল।’’
 
মিরপুর থানার উপপরিদর্শক (এসআই) মুকতারুজ্জামান বলেন,এ ঘটনায় সোমা আক্তারের বাবা তমিজউদ্দিন মাস্টার বাদী হয়ে নারী নির্যাতন, যৌতুক ও হত্যার অভিযোগে এনে মামলা করেছেন।