প্রধানমন্ত্রী শেখ হাসিনা যুক্তরাজ্যে ছয় দিনের সফরে লন্ডন পৌঁছেছেন। গতকাল শুক্রবার স্থানীয় সময় বিকাল ৩টা ৪৭ মিনিটে প্রধানমন্ত্রী ও তার সফর সঙ্গীদের বহনকারী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ভিভিআইপি ফ্লাইট রাঙ্গা প্রভাত লন্ডনস্থ হিথ্রো আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। বিমানবন্দরে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে অভ্যর্থনা জানান যুক্তরাজ্যে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার মো. আব্দুল হান্নান। এ সময় যুক্তরাজ্য আওয়ামী লীগের নেতৃবৃন্দ এবং প্রবাসী বাংলাদেশিরা উপস্থিত ছিলেন।
বিমানবন্দর থেকে প্রধানমন্ত্রী মোটর শোভাযাত্রা সহকারে সরাসরি পার্ক লেনে অবস্থিত হিল্টন হোটেলে যান। এ সময় সেখানে উপস্থিত শেখ হাসিনার ছোট বোন শেখ রেহানা, তার মেয়ে বৃটিশ পার্লামেন্টে নব-নির্বাচিত এমপি টিউলিপ সিদ্দিক প্রধানমন্ত্রীকে স্বাগত জানান। এছাড়া হোটেলে অপেক্ষমাণ স্থানীয় আওয়ামী লীগ, ছাত্রলীগ, বঙ্গবন্ধু আইনজীবী পরিষদসহ বিভিন্ন সংগঠনের নেতাকর্মীরাও প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে স্বাগত জানান।
প্রায় চার দশকেরও বেশি সময় যুক্তরাজ্যে বসবাস করছেন অফিয়া বেগম (৮০)। বিজনেস ক্লাসের এই যাত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে দেখা করার জন্য প্রায় চার দফা চেষ্টা করেন। সে সময় প্রধানমন্ত্রীর নিরাপত্তা রক্ষীরা তাকে বাধা দিয়ে বলেন, পরে প্রধানমন্ত্রী আপনাদের সাথে কুশল বিনিময় করবেন। নিরাপত্তা রক্ষীদের এ কথা তখনই তার বিশ্বাস হয়, যখন স্বয়ং প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিমানযাত্রীদের সামনে এসে দাঁড়ান। প্রধানমন্ত্রীকে কাছে পাওয়ার অনুভূতি ব্যক্ত করতে গিয়ে আফিয়া বেগম ইত্তেফাককে বলেন, জীবনেও ভাবিনি প্রধানমন্ত্রীর সঙ্গে সরাসরি কথা বলতে পারবো। এজন্য তিনি গর্ববোধ করছেন।