রাজধানীর পল্লবীতে সন্ত্রাসীদের গুলিতে ওষুধ ব্যবসায়ী জাহিদুল ইসলাম রাসেল নিহত হওয়ার ঘটনায় ‘গলাকাটা বাবু’ নামে এক যুবককে আটক করেছে পুলিশ। আটক যুবক পল্লবী এলাকার ‘কিলার গ্রুপের’ অন্যতম সদস্য। ভাড়ায় ‘কিলিং মিশনে’ অংশ নেয়াই তার কাজ। নিহত রাসেলের বাবা আব্দুল মান্নানকে খুন করতে গিয়েছিল ঐ ভাড়াটে খুনির দল। কিন্তু ওষুধের দোকানে বসে থাকা মান্নানের ছেলে রাসেলকে ভুল করে মেরে ফেলে তারা।
পল্লবী থানার ওসি দাদন মিয়া জানান, নিহত রাসেলের বাবা আব্দুল মান্নান তিন নম্বর ওয়ার্ড বিএনপির যুগ্ম সম্পাদক। রাসেল দীর্ঘদিন দক্ষিণ কোরিয়ায় ছিলেন। সাত বছর আগে দেশে ফিরে ওষুধ ব্যবসা শুরু করেন। তার সঙ্গে কারো বিরোধ ছিল এমন কোন তথ্য পাওয়া যায়নি। তবে পল্লবীর সবুজবাংলা আবাসিক এলাকার একটি বস্তির জায়গা নিয়ে স্থানীয় রব-টিংকু গ্রুপের সঙ্গে নিহত রাসেলের বাবার বেশ কিছুদিন যাবত্ বিরোধ চলছিল। এ বিরোধের জের ধরেই সন্ত্রাসীরা আব্দুল মান্নানকে খুন করার পরিকল্পনা করে। ভাড়া করে কিলার গ্রুপকে। বুধবার রাত সাড়ে ১২ টায় কিলার গ্রুপ ওষুধের দোকানে গিয়ে রাসেলকে ভুলবশত আব্দুল মান্নান ভেবে গুলি করে হত্যার পর পালিয়ে যায়।