বৃষ্টির কারণে বন্ধ রয়েছে ফতুল্লা টেস্টের চতুর্থ দিনের ম্যাচ। খেলা বন্ধ হওয়ার আগ পর্যন্ত বাংলাদেশের সংগ্রহ ৩ উইকেটে ১১১ রান। এখনো ৩৫১ রানে পিছিয়ে টাইগাররা। ইমরুল ৫৯ ও সাকিব শুন্য রানে অপরাজিত আছেন।
শনিবার চতুর্থ দিনের খেলা শুরুর আগেই নিজেদের প্রথম ইনিংস ঘোষণা করে ভারত। তৃতীয় দিন শেষে ৬ উইকেটে ৪৬২ রান করা স্কোরেই ইনিংস ঘোষণা করে সফরকারীরা। ফলে চতুর্থ দিন সকালে নিজেদের ইনিংস শুরু করে বাংলাদেশ।
দলীয় ২৭ রানে ওপেনার তামিম ইকবাল ব্যক্তিগত ১৯ রানে আউট হলে প্রথম উইকেট হারায় টাইগাররা। উইকেটটি নিয়েছেন ভারতীয় স্পিনার রবীচন্দ্রন অশ্বিন। এরপর ইমরুল কায়েস ও মুমিনুল হক কিছুক্ষণ ক্রিজে টিকে ছিলেন। তবে তাদের ৮১ রানের পার্টনারশিপ ভেঙে দেন স্পিনার হরভজন সিং। দুর্দান্ত ব্যাট করতে থাকা মুমিনুল ৩০ রান করে হরভজনের শিকার হন।
মুমিনুলের বিদায়ে ক্রিজে যোগ দেন অধিনায়ক মুশফিকুর রহিম। অশ্বিনের দ্বিতীয় শিকার হয়ে ২ রান করে সাজঘরে ফেরেন তিনি।
মুশফিক ফিরে গেলে ইমরুলের সঙ্গী হন সাকিব। তবে অল্প সময়ের মধ্যেই মুষলধারার বৃষ্টিতে বন্ধ হয়ে যায় খেলা। আর এজন্য আগে ভাগেই মধ্যাহ্ন বিরতি দেন ম্যাচের আম্পায়াররা।