দুই সপ্তাহের অবকাশ শেষে রবিবার থেকে সুপ্রিমকোর্টের কার্যক্রম চালু হচ্ছে। গত ১ জুন থেকে সুপ্রিমকোর্টের অবকাশ শুরু হয়। অবকাশকালীন জরুরি বিষয় নিস্পত্তির জন্য অবকাশকালীন বেঞ্চ কার্যক্রম চালিয়েছে।
চলতি সপ্তাহে সর্বোচ্চ আদালতে গুরুত্বপূর্ণ মামলা নিস্পত্তির জন্য দিন ধার্য রয়েছে। এর মধ্যে রয়েছে জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল আলী আহসান মোহাম্মাদ মুজাহিদকে মুক্তিযুদ্ধকালীন মানবতাবিরোধী অপরাধের দায়ে দেয়া মৃত্যুদণ্ডাদেশের রায়ের বিরুদ্ধে আপিলের রায় ঘোষণা। চলতি সপ্তাহের ১৬ জুন মঙ্গলবার এ রায় ঘোষণার জন্য দিন ধার্য রয়েছে।
এছাড়াও হাইকোর্টের একটি ডিভিশন বেঞ্চে শুনানি ও আদেশের জন্য ধার্য রয়েছে বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে নাইকো গ্যাটকো বড়পুকুড়িয়া কয়লাখনি সংক্রান্ত দুর্নীতি মামলা বাতিল ও বৈধতা বিষয়ে আনা আবেদন।