বগুড়ার সারিয়াকান্দিতে নির্মাণাধীন বন্যা নিয়ন্ত্রণ বাঁধ ভেঙে সারিয়াকান্দি ও ধুনট উপজেলার ১৫টি গ্রামের নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। শনিবার সকালে যমুনার পানি বিপদসীমার ৫ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে।
শুক্রবার বিকেলে সারিয়াকান্দির গোদাখালিতে নির্মাণাধীন বাঁধের ৫০ মিটার ভেঙে যাওয়ার পর নিম্নাঞ্চল প্লাবিত হয়। শনিবার সকাল পর্যন্ত বাঁধের আরো ১০ মিটার ভেঙে গেছে।
বগুড়া পানি উন্নয়ন বোর্ডর নির্বাহী প্রকৌশলী রফিকুল ইসলাম জানান, সারিয়াকান্দির গোদাখালি, সুতানাড়া দড়িপাড়া, মুড়াগাছা, পাইকারতলি, ঘুঘুমারিসহ ১০ থেকে ১২টি গ্রামের নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। এছাড়া পাশের ধুনট উপজেলার গোসাইবাড়ি ও চিকাশি ইউনিয়নের চার থেকে পাঁচটি গ্রাম বন্যার পানিতে প্লাবিত হয়েছে।
পানিবৃদ্ধি অব্যাহত থাকায় সারিয়াকান্দিতে বন্যা নিয়ন্ত্রণ বাঁধের আরো কয়েকটি স্থানে পানি চুইয়ে পড়ছে। ফলে গোদাখালি ছাড়াও বন্যা নিয়ন্ত্রণ বাঁধের আরো কয়েকটি স্থান হুমকির মুখে পড়েছে।