চাঁপাইনবাবগঞ্জে কুরিয়ার সার্ভিসের বুকিং করা আমের প্যাকেট থেকে ৪৫ রাউন্ড গুলি উদ্ধার করেছে র্যাব। এসময় দুইজনকে আটক করা হয়েছে। শুক্রবার রাতে তাদের আটক করা হয়।
আটককৃতরা হলেন- শিবগঞ্জ উপজেলার কালুপুর দক্ষিণপাড়ার মনিরুল ইসলামের ছেলে রাজিত বিল্লাহ রাজু (৩২) ও একই এলাকার ইউসুফ মন্ডলের ছেলে আব্দুল কাউয়ুম (৩০)।
র্যাব-৫-এর চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্পের কোম্পানি কমান্ডার মেজর মুহাম্মদ শফিকুল ইসলাম জানান, শুক্রবার রাতে রাণীহাটি এলাকায় শিবগঞ্জ থেকে চাঁপাইনবাবগঞ্জ শহরের দিকে আসা একটি ভটভটিতে তল্লামি চালানো হয়। এসময় ভটভটিতে একটি আমের প্যাকেট থেকে ৪৫ রাউন্ড পিস্তলের গুলি উদ্ধার করে।
তিনি আরো জানান, এস আর পরিবহন নামে একটি কুরিয়ার সার্ভিসের শিবগঞ্জ শাখার মাধ্যমে ঐ আমের প্যাকেট ঢাকায় পাঠানোর জন্য বুকিং করা হয়েছিল।
শনিবার সকালে আটককৃতদের সদর থানা পুলিশের কাছে সোপর্দ করা হয়েছে।