চার দফা দাবিতে ঢাকার মিটফোর্ড হাসপাতালের তৃতীয় ও চতুর্থ শ্রেণির কর্মচারীদের পূর্বঘোষিত রবি ও সোমবারের দুই ঘণ্টার কর্মবিরতির কর্মসূচি স্থগিত ঘোষণা করা হয়েছে। গত বুধ ও বৃহস্পতিবার হাসপাতালের প্রায় ৮০০ কর্মচারী দুই ঘণ্টা করে কর্মবিরতি পালন করে আসছিলেন।
সরকারি কর্মচারী দাবি বাস্তবায়ন পরিষদের সদস্য সচিব আব্দুল মতিন শনিবার বলেন, ‘হাসপাতালের পরিচালকের লিখিত আশ্বাসে এবং রোগীদের ভোগান্তির কথা ভেবে আমরা কর্মসূচি স্থগিতের সিদ্ধান্ত নিয়েছি। তবে আশ্বাসের বাস্তবায়ন না দেখলে পুনরায় কর্মসূচি দেয়া হবে বলে কর্তৃপক্ষকে হুঁশিয়ার করেছেন তিনি। কর্মচারীদের আবাসন সমস্যার সমাধান, পোষ্য কোটা থেকে ৪০ শতাংশ নিয়োগ, অসুস্থ কর্মচারীদের জন্য আলাদা বিছানা এবং হাসপাতালের পরিচ্ছন্নতা কর্মীদের আবাসিক ভবন না ভাঙার দাবিতে এই কর্মসূচি ডাকা হয়।
হাসপাতালে পরিচালক মো. জাকির হাসান বলেন, ‘বিষয়গুলোর সুরাহা করা হবে। এমন আশ্বাসে কর্মচারীরা তাদের পূর্বঘোষিত কর্মসূচি স্থগিত করেছেন।’
চতুর্থ শ্রেণির কর্মচারী সমিতির সাধারণ সম্পাদক মো. মজিবুল হক বলেন, ‘স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ ও মিটফোর্ড হাসপাতালে তৃতীয় ও চতুর্থ শ্রেণির কর্মচারী রয়েছেন ৭৯০ জন। তাদের মধ্যে ৭৩ জনের আবাসনের ব্যবস্থা থাকলেও বাকিদের ভাড়া বাসায় থাকতে হচ্ছে। ফলে তাদের অল্প তাদের বেতনের একটি বড় অংশ চলে যাচ্ছে বাড়িভাড়ায়।’