চট্টগ্রামে বাধ্যতামূলক হচ্ছে বৃষ্টির পানি সংরক্ষণ

বাড়ির নকশা অনুমোদনের ক্ষেত্রে বৃষ্টির পানি সংরক্ষণের ব্যবস্থা থাকা বাধ্যতামূলক করছে চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ (সিডিএ)। সুপেয় পানির অভাব মেটাতেই এমন পদক্ষেপ নিয়েছে সিডিএ।
 
শনিবার চট্টগ্রাম ওয়াসার সম্মেলনকক্ষে সুপেয় পানির চাহিদা পূরণের সম্ভাবনা নিয়ে এক সেমিনারে বৃষ্টির পানি সংরক্ষণের কথা বলেন সিডিএর প্রধান নগর পরিকল্পনাবিদ শাহিনুল ইসলাম খান। এতে সভাপতিত্ব করেন ওয়াসার উপ-ব্যবস্থাপনা পরিচালক রতন কুমার সরকার। মূল বক্তব্য উপস্থাপন করেন চুয়েটের সহযোগী অধ্যাপক ড. আয়শা আখতার।
 
শাহিনুল বলেন, ‘‘চট্টগ্রামে সুপেয় পানির অভাব পূরণে শুধু সরকারি উদ্যোগই যথেষ্ট নয়, সাধারণ জনগণকেও সম্পৃক্ত হতে হবে।’’
 
রতন কুমার সরকার বলেন, “আমাদের পার্শ্ববর্তী রাষ্ট্র নেপাল ও ভারত সুপেয় পানির চাহিদা মেটাতে বৃষ্টির পানি ব্যবহারের উপর কাজ করছে।এক্ষেত্রে সরকার যদি সচেতনতামূলক কার্যক্রমের পাশাপাশি প্রয়োজনে আইন করে বৃষ্টির পানি সংরক্ষণ বাধ্যতামূলক করে তবে তা ভূগর্ভস্থ পানির উপর চাপ কমাতে সাহায্য করবে।” 
 
সেমিনারে সরকারি হাজী মুহাম্মদ মহসিন কলেজের সহযোগী অধ্যাপক মো. ইদ্রিস আলীর সঞ্চালনায় সেমিনারে আরো বক্তব্য রাখেন চুয়েটের উপ-উপাচার্য মো. রফিকুল আলম ও দুঃস্থ স্বাস্থ্য প্রকল্প পরিচালক আফতাবুর রহমান।