বাংলাদেশ এখন অনেক এগিয়েছে: সুইজারল্যান্ডের রাষ্ট্রদূত

রাজশাহীর তাহেরপুর পৌরসভা পরিদর্শন করেছেন বাংলাদেশে নিযুক্ত সুইজারল্যান্ডের রাষ্ট্রদূত এইচই কিস্টিয়ান মার্টিন ফোস। শনিবার তিনি পৌরসভায় জনপ্রতিনিধি ও স্থানীয় নাগরিকদের সঙ্গে মতবিনিময়ও করেন। এ সময় পৌরসভার বিভিন্ন উন্নয়ন কর্মকাণ্ড প্রজেক্টরের মাধ্যমে রাষ্ট্রদূতের সামনে তুলে ধরেন পৌরসভার মেয়র আবুল কালাম আজাদ। সভায় পৌরসভার বিভিন্ন সমস্যাও তুলে ধরেন নাগরিকরা।
 
এ সময় জনপ্রতিনিধিদের জবাবদিহিতার বিষয়টি উল্লেখ করে সুইজারল্যান্ডের রাষ্ট্রদূত বলেন, বাংলাদেশ এখন অনেক এগিয়েছে। দেশের উন্নয়ন নিজেদের করতে হবে, তাতে বাহির থেকে সহযোগিতা দেয়া হবে। তিনি বলেন, পৌরসভার একটি কক্ষ থেকেই নাগরিক সুবিধা গ্রহণের (ওয়ান স্টেপ সার্ভিস সেন্টার) কার্যক্রম বড় আকারে করা সম্ভব। পৌরসভার উন্নয়ন কর্মকাণ্ডের প্রশংসা করেন এবং আগামীতে সার্বিকভাবে সহযোগিতার আশ্বাস দেন রাষ্ট্রদুত কিস্টিয়ান মার্টিন।
 
এ সময় জার্মানীর জিআইজেডর কান্ট্রি ডাইরেক্টর টোবিওস বেকার, সুইজারল্যান্ড ডেভেলপমেন্ট কর্পোরেশনের সিনিয়র প্রোগ্রাম অফিসার সাবিনা ইয়াসমীন ও জিআইজেডর টিম লীডার হামিদুল ইসলাম চৌধুরী, পৌরসভার সচিব সিরাজুম মুনীর, প্রধান প্রকৌশলী আশরাফ উদ্দীন, সহকারী প্রকৌশলী জাহেদুল হক জাহিদ, তাহেরপুর কলেজের অধ্যক্ষ তোফাজ্জল হোসেন, প্রভাষক সত্যজিৎ রায় তোতা, ডা. ইয়াছিন আলী প্রমুখ উপস্থিত ছিলেন।