ট্রাকচাপায় দুই ছাত্র নিহত

নগরীর আকবর শাহ থানার সিটি গেট এলাকায় ট্রাক চাপায় দুই কলেজ ছাত্র নিহত হয়েছে। নিহতরা হলেন জেলার সীতাকুন্ড উপজেলার বার আউলিয়া ইউনিয়ন এলাকার সামসুল হকের পুত্র দেলোয়ার হোসেন শামীম (২০) ও উত্তর ছলিমপুর ইউনিয়নের ফৌজদারহাট এলাকার এনামুল হকের পুত্র ওয়াহেদুল হাসান সুজন (২১)। তারা নগরীর উত্তর কাট্টলী আলহাজ্ব মোস্তফা হাকিম ডিগ্রী কলেজের বিবিএ হিসাব বিজ্ঞান বিভাগের প্রথম বর্ষের ছাত্র ছিলেন। গতকাল শনিবার সকাল ১১টার দিকে এ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনার পর বিক্ষুব্ধ কলেজ শিক্ষার্থীরা ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করে। অবরোধের ফলে মহাসড়কে দুই ঘণ্টা যান চলাচল বন্ধ থাকে। এতে সড়কের উভয়দিকে তীব্র যানজট সৃষ্টি হয়। চরম ভোগান্তি পোহাতে হয় যাত্রীদের ।

 
পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্র জানায়, কলেজ সংলগ্ন একটি গুদাম থেকে গম ভর্তি করে বের হওয়ার সময় ট্রাকটি (চট্ট মেট্রো ট-১১-৫৯৯) নিয়ন্ত্রণ হারিয়ে পথচারী ওই দুই কলেজ ছাত্রকে চাপা দেয়। সংকটাপন্ন অবস্থায় তাদের চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতালে নেয়ার পথেই তারা মারা যান। এ খবর ছড়িয়ে পড়ার সঙ্গে সঙ্গে মোস্তফা হাকিম কলেজের শিক্ষার্থীসহ কয়েকশ’ বিক্ষুব্ধ জনতা মহাসড়ক অবরোধ করেন। এসময় তারা ঘাতক ট্রাক চালকের দৃষ্টান্তমূলক শাস্তি, সিটি গেট এলাকায় ফুটওভার ব্রিজ নির্মাণ ও কলেজের পাশে গুদাম বন্ধ করাসহ বিভিন্ন দাবি জানান। অবরোধ চলাকালে মহাসড়কের উভয় দিকে যাত্রীবাহী বাস, পণ্যবাহী ট্রাক, কাভার্ড ভ্যান ও লরিসহ বিভিন্ন ধরনের কয়েক হাজার যানবাহন আটকা পড়ে। পুলিশ প্রশাসনের আশ্বাসের পর বেলা ১টার দিকে অবরোধ প্রত্যাহার করা হয়।
 
স্বজনদের আহাজারি:দুর্ঘটনায় নিহত শামীম ও সুজনের লাশ চমেক হাসপাতালে নেয়ার পর সেখানে এক হূদয়বিদারক দৃশ্যের অবতারণা হয়। নিহতদের একনজর দেখতে হাসপাতালে ছুটে আসেন কলেজের শিক্ষক ও সতীর্থরা। খবর পেয়ে সীতাকুন্ড থেকে ছুটে আসেন শামীমের বাবা হাফিজ জুট মিলের শ্রমিক শামসুল হক। বন্ধু-বান্ধবের কান্না আর স্বজনদের বুকফাটা আহাজারিতে হাসপাতালের পরিবেশ ভারী হয়ে উঠে। শামীমের বাবা জানতেন তার ছেলে সড়ক দুর্ঘটনায় আহত হয়েছে। খবর পেয়ে হাসপাতালে এসে দেখেন তার বুকের মানিক চিরতরে পৃথিবীর বুক থেকে হারিয়ে গেছে। খবরটি শুনেই জরুরি বিভাগের সামনে মেঝেতে অজ্ঞান হয়ে পড়ে যান তিনি। শামসুল হকের দুই ছেলের মধ্যে শামীম ছিল ছোট।
 
অন্যদিকে নিহত সুজন সীতাকুন্ড উপজেলার উত্তর ছলিমপুর ফৌজদারহাট এলাকার এনামুল হকের ছেলে। স্থানীয় ইউনিয়ন পরিষদের কর্মচারী এনামুল হকের দুই ছেলে আর দুই মেয়ের মধ্যে সুজন ছিল সবার বড়। সুজনের চাচা এমরান জানান, সুজনের বাবা-মাকে এখনও তার মৃত্যুর কথা জানানো হয়নি। তারা জেনেছেন সুজন সামান্য আহত হয়েছেন।
 
দুর্ঘটনার প্রত্যক্ষদর্শী শামীম ও সুজনের সহপাঠীরা জানান, সুজন ও শামীমসহ পাঁচ-ছয়জন সিটি গেট এলাকায় প্রাইভেট কোচিং শেষ করে পায়ে হেঁটে কলেজে যাচ্ছিল। কলেজের গলিতে ঢোকার পর দ্রুতগামী একটি ট্রাক এসে পেছন থেকে তাদের ধাক্কা দেয়। এতে সুজন ও শামীম রাস্তায় পড়ে যান। আলাউদ্দিনসহ কয়েকজন    ছিটকে পড়েন। ট্রাকের ধাক্কায় সুজনের মাথা থেতলে যায়। শামীমের বুকের উপর দিয়ে ট্রাকের দু’টি চাকা চলে যায়।
 
বগুড়ায় ট্রাক চাপায় দুই শিশু নিহত:বগুড়া প্রতিনিধি জানান, শহরতলীর চারমাথা গোদারপাড়া বাজারে বগুড়া-নওগাঁ সড়কে সার বোঝাই ট্রাকের নিচে চাপা পড়ে দুই শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। নিহতরা হলো- বগুড়া সদরের গোদারপাড়া দক্ষিণ পাড়ার আলমগীর হোসেনের ছেলে হাবিব (১২) এবং সর্দারপাড়ার নূর নবীর ছেলে সিয়াম (১১)। গতকাল শনিবার এই দুর্ঘটনাটি ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানান, বেলা ৩ টার দিকে নওগাঁ থেকে সার বোঝাই করে ট্রাকটি দ্রুত গতিতে বগুড়ার দিকে আসার সময় গোদারপাড়া বাজারের কাছে জাহিদুর রহমান মহিলা কলেজের সামনে হাবিব ও সিয়ামকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই হাবিব মারা যায় এবং সিয়াম মারাত্মক আহত হয়। সিয়ামের একটি পা শরীর থেকে বিচ্ছিন্ন হয়ে যায়। স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ হাসপাতালে নেয়ার পর বিকেল ৪টার দিকে সিয়াম মারা যায়। এ ঘটনায় গোদারপাড়া এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
 
বরিশালে সড়ক দুর্ঘটনায় জেলে নিহত:বরিশাল অফিস জানায়, ঢাকা-বরিশাল মহাসড়কের উজিরপুরের বামরাইল এলাকায় গতকাল শনিবার সকালে পিকআপ ভ্যানের সাথে তিন চাকার ভ্যানের সংঘর্ষে ঘটনাস্থলেই প্রকাশ বৈরাগী (২২) নামের এক জেলে নিহত ও দু’জন আহত হয়েছে। আহতদের উদ্ধার করে শেবাচিম হাসপাতালে ভর্তি করা হয়েছে। নিহত প্রকাশ বৈরাগী আগৈলঝাড়ার মোহনকাঠী গ্রামের সুরন্দ বৈরাগীর পুত্র।
 

ফুলবাড়িতে বাস উল্টে আহত ১৫ :ফুলবাড়ি (দিনাজপুর) সংবাদদাতা জানান, দিনাজপুরের ফুলবাড়ি-গোবিন্দগঞ্জ সড়কের ফুলবাড়ি পৌর এলাকার বারোকোনা নামক স্থানে গতকাল শনিবার বিকেলে যাত্রীবাহী একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে গেলে অন্তত ১৫ জন যাত্রী আহত হন। এদের মধ্যে তৈয়ব আলী (৬০) ও পলাশ (৪৪) নামের দুই জনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাদের দিনাজপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে নেয়া হয়েছে।